ইউএস-বাংলার ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট শুরু ১৫ মে
বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স রাজধানী ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ফ্লাইট চালু করতে যাচ্ছে।
রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলের সুরমা হলে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, ১৫ মে তাদের এ আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে।
তিনি বলেন, “কানাডার বিমান কোম্পানি বোম্বারডিয়ারের তৈরি ৭৮ আসনের ড্যাশ-৮ কিউ ৪০০ নেক্সট জেনারেশন সিরিজের এয়ারক্রাফট দিয়ে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালিত হবে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন- রোব, মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে; কাঠমান্ডু পৌঁছবে স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায়। আর কাঠমান্ডু থেকে স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে ফ্লাইট ছেড়ে ঢাকায় পৌঁছবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।
ঢাকা-কাঠমান্ডু রুটে সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ন্যূনতম রিটার্ন ভাড়া ১৭ হাজার ৬২২ টাকা এবং ওয়ানওয়ের জন্য ১১ হাজার ৭৯০ টাকা ভাড়া ঠিক হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার বেনোয়া-পিয়ের লাহামি ও বাংলাদেশে নেপাল দূতাবাসের শার্জ দ্য এ্যাফেয়ার্স দিলি প্রসাদ আচারিয়া উপস্থিত ছিলেন।
