এলইডি চিপ তৈরিতে বাধা শুল্ক বৈষম্য
আমদানি শুল্কে বৈষম্যের কারণে দেশীয় কারখানায় লাইট ইমেটিং ডায়োড বা এলইডি চিপ উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
বিদ্যুৎ সাশ্রয়ী এই এলইডি-ই ‘এলইডি বাল্ব’ তৈরির প্রধান উপকরণ।
উদ্যোক্তারা বলছেন, বর্তমানে এলইডি চিপ সরাসরি আমদানির বিপরীতে দেশেই উৎপাদন করার জন্য প্রয়োজনীয় আট ধরনের কাঁচামাল আমদানিতে প্রায় ছয় থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেশি শুল্ক দিতে হয়। ফলে তারা দেশে এলইডি চিপ তৈরির পরিবর্তে আমদানি করেই প্রয়োজন মেটাতে বাধ্য হচ্ছেন।
এলইডি বাল্ব বা লাইটের প্রধান উপকরণ এলইডি চিপ তৈরিতে লিড ফ্রিম, ফসপর, ক্যারিয়ার টেপ, প্লাস্টিক রিল, কভার টেপ, গোল্ড ওয়্যার, ডাই অ্যাটাচ ম্যাটেরিয়াল বা অ্যাডহেসিভ এবং অ্যানক্যাপসুলেশন বা রেসিনের প্রয়োজন হয়।
দেশে এলইডি চিপ আমদানি করতে ৩০ দশমিক ৭৯ শতাংশ কর দিতে হয়। আর এই চিপ দেশেই উৎপাদন করতে প্রয়োজনীয় আট ধরনের কাঁচামাল আমদানিতে শুল্ক দিতে হয় ৩৬ দশমিক ৭৮ শতাংশ থেকে ১৩০ দশমিক ২৬ শতাংশ পর্যন্ত।
ওয়ালটনের এক শীর্ষ কর্মকর্তা জানান, লিড ফ্রিম, ফসপর, ক্যারিয়ার টেপ এবং কভার টেপ আমদানিতে ১০ শতাংশ করে কাস্টমস ডিউটিসহ প্রতিটিতে সর্বমোট ৩৬ দশমিক ৭৮ শতাংশ শুল্ক দিতে হয়।
আর গোল্ড ওয়্যার, ডাই অ্যাটাচ ম্যাটেরিয়াল বা অ্যাডহেসিভ, অ্যানক্যাপসুলেশন বা রেসিন এর আমদানিতে ২৫ শতাংশ কাস্টম ডিউটি, ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্কসহ কর দিতে হয় ৬০ দশমিক ০২ শতাংশ।
সবচেয়ে বেশি কর দিতে হয় প্ল্যাস্টিক রিল আমদানিতে। এটিতে আরোপ করা হয়েছে ২৫ শতাংশ কাস্টমস ডিউটি, ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক, ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্কসহ সর্বমোট ১৩০ দশমিক ২৬ শতাংশ কর।
টিভি, ফ্রিজের লাইট, মোবাইল, ট্যাব এবং কম্পিউটার মনিটরের প্রধান কাঁচামাল হিসাবেও এলইডি চিপের ব্যবহার রয়েছে।
সানটেক্স ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান শামসুল আরেফীন সোহেল বলেন, “শুল্ক বৈষম্যের কারণে দেশীয় চিপ দিয়ে উৎপাদিত এলইডি পণ্যের চেয়ে আমদানি করা চিপ দিয়ে তৈরি পণ্যের উৎপাদন খরচ কম পড়ে।
“এতে মূল্য প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়ছেন দেশীয় উদ্যোক্তরা। ফলে এলইডি চিপ উৎপাদনে নিরুৎসাহিত হচ্ছেন দেশীয় উদ্যোক্তারা। ”
তিনি বলেন, “সরকার একদিকে বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য উৎপাদনের আহ্বান জানাচ্ছে, অন্যদিকে এলইডি চিপ তৈরির কাঁচামালের উপর অত্যধিক শুল্ক আরোপের মাধ্যমে দেশীয় উৎপাদনকে নিরুৎসাহিত করছে। ”
দেশের স্বার্থে এ ধরনের শুল্ক বৈষম্য দূর করা প্রয়োজন বলে মনে করেন সানটেক্স ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এই চেয়ারম্যান।
