২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় থাইপণ্যের চারদিনব্যাপী প্রদর্শনী শুরু

থাইল্যান্ডে তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে ঢাকায় চারদিনের প্রদর্শনী শুরু করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 10:59 PM

Updated : 11 Oct 2022, 07:56 PM

বুধবার বিকালে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

থাইল্যান্ডের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন বিভাগের আয়োজনে আগামী ১৯ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

থাই তেতুল, সস, স্যুপ, নুডলস, প্রসাধনী, জুস, কারুপণ্য, সুগন্ধি, পোশাক, ভারী শিল্পের যন্ত্রাংশসহ ৩৯টি কোম্পানির বিভিন্ন পণ্য স্থান পেয়েছে প্রদর্শনীতে।

উদ্বোধনী বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতি বছরেই ঢাকায় থাইপণ্যের মেলা হয়।দর্শনার্থীরাও তাদের বিভিন্ন জনপ্রিয় পণ্যের খোঁজে মেলায় আসেন। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এই মেলা অত্যন্ত কার্যকরী একটি পদক্ষেপ।

থাইল্যান্ডের কিছুপণ্য বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুবিধা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “এদেশের তৈরি পোশাক যাতে থাইল্যান্ডে বাজার সৃষ্টি করতে পারে সেই প্রচেষ্টা চলাতে হবে।”

বাংলাদেশের পণ্য নিয়ে আগামী এপ্রিলে থাইল্যান্ডে দুইদিনের একক মেলা হবে বলেও জানান মন্ত্রী।

থাই দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স পেশিত চুদাবুদ্ধি বলেন, বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক বাণিজ্যিক সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে এ ধরনের একটি মেলার আয়োজনের সুযোগ পেয়ে তারা ধন্য।

যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে দুই দেশের সরকার হাতে হাত রেখে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রদর্শনীর প্রথম দুইদিন কেবলমাত্র বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নির্ধারিত জানিয়ে আয়োজকরা বলেন, তারা এই সময়ের মধ্যে মেলায় এসে থাইল্যান্ডের কোম্পানিগুলোর সঙ্গে আমদানির বিষয়ে আলাপ আলোচনা করার সুযোগ পাবেন।

শেষ দুইদিনের প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।