২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়েছে মুরগির দাম, চিনির ‘অস্থিরতা’ কাটেনি

ঢাকায় গত কয়েক সপ্তাহ ধরে বাড়তে থাকা ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি দেড়শ’ টাকায় পৌঁছেছে। সরবরাহ স্বাভাবিক না হওয়ায় চিনির বাজারের অস্থিরতাও দূর হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 06:38 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

পুরনো খবর:

রসুনের দাম চড়া, ওঠা-নামা পেঁয়াজে
চিনির বাজারে ‘অস্থিরতা’
আরও বেড়েছে চিনির দাম

ফেব্রুয়ারির শেষ শুক্রবার রামপুরা ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি ও চিনির পাশাপাশি রসুনসহ কিছু সবজির দামও বেড়েছে।

রামপুরা কাঁচা বাজারের ব্যবসায়ী মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে। পাইকারিতে বাড়ায় খুচরায়ও বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদেরকে।

“গত সপ্তাহেও ১৩৫ টাকা দরে এই মুরগি বিক্রি করতে পেরেছি। গত দুই দিন ১৩২ টাকা করে কাপ্তানবাজার থেকে কিনতে হচ্ছে। ফলে বিক্রি করছি দেড়শ টাকায়।”

ব্রয়লার মুরগি ছাড়া অন্যান্য মাংসের দাম বেশ স্থিতিশীল দেখা গেছে।  ছোট আকারের দেশি মুরগি গত সপ্তাহের মতো প্রতিটি ২৮০ টাকায় ও পাকিস্তানি মুরগি ২২০ টাকায় বিক্রি হয়েছে এদিন। গরুর মাংসের কেজি ৪০০ টাকা ও খাসির মাংস ৬২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

ব্রয়লার ডিমের দাম কয়েক সপ্তাহ চড়া থাকার পর কমেছে। এদিন ডজন প্রতি ৫ টাকা কমে ১০০ টাকায় বিক্রি হয়েছে।

কারওয়ান বাজারের খুচরা ও পাইকারি বিক্রেতারা সয়াবিন তেলের দাম কমেছে জানালেও রাজধানীর অন্যান্য বাজারে এর তেমন প্রভাব দেখা যায়নি।

রামপুরা বাজারে এদিন প্রতি লিটার সয়াবিন তেল ৮৮ টাকা, প্রতি কেজি চিনি ৪৮ টাকা, মোটা লবণ ২৪ টাকা ও মিহি লবণ ৩২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

অথচ সরকারি বিপণন ও নিয়ন্ত্রক সংস্থা টিসিবির সর্বশেষ মূল্যতালিকায় চিনির দাম প্রতি কেজি ৪২ টাকা ও সয়াবিন তেলের লিটার ৭৯ দশমিক ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী আবুল কাশেম জানান, সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমেছে। তারা ৮৬ টাকা দরে সোয়াবিন তেল বিক্রি করছেন। পাম তেল ৬০ টাকা ও সুপার পাম ৬৩ টাকা লিটার বিক্রি করছেন।

চিনির দাম বাড়তে থাকার কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন সরবরাহ কমাকে। আর আমদানিকারকরা বলছেন, উৎপাদন খরচ বাড়লেও সে অনুযায়ী দাম না পাওয়ায় সরবরাহ কিছুটা কমেছে।

কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী শামীম জানান, চিনির সরবরাহ কমে গেছে। ফ্রেশ কোম্পানির কিছু চিনি পাওয়া গেলেও অন্যান্য কোম্পানির কারখানায় কয়েকদিন অপেক্ষা করেও চিনি পাওয়া যাচ্ছে না। এখন ৫০ কেজির প্রতি বস্তা চিনি ২২৮০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। এ পরিস্থিতি চলতে থাকলে দাম আরও বেড়ে যেতে পারে।

দেশের অন্যতম চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি আমদানিকারকদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। ডিউটি ফি যুক্ত হওয়ার পর উৎপাদন খরচ অনেক বাড়ায় দামও ধীরে ধীরে বাড়ছে।”

শাক-সবজির দাম বাড়ছে

রামপুরা বাজারের ব্যবসায়ীরা জানান, শুক্রবার আমদানি করা রসুন কেজিতে ৩০ টাকা বেড়ে ১৯০ টাকায় বিক্রি করেছেন তারা। আর দেশি নতুন রসুন কেজিতে গত সপ্তাহের চেয়ে ১০-২০ টাকা বাড়তিতে ১০০ টাকা দরে বিক্রি করেছেন। বেড়েছে দেশি পেঁয়াজের দামও। এদিন প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩৫ টাকায় বিক্রি হয়েছে, যা গত সপ্তাহ ছিল ৩০ টাকা।

রামপুরায় প্রতি কেজি আলু ১৬ টাকায় এবং কারওয়ান বাজারে ১৩ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

রামপুরার ব্যবসায়ী আব্দুল মান্নান জানান, মৌসুম শেষ হওয়া বেড়েছে শীতের সবজি শীম, টমেটো, গাজর ও কাঁচা মরিচের দাম। প্রতি কেজি শিম ৪০ টাকায়, টমেটো ২০ টাকায়, গাজর ২০ টাকায় ও মরিচ ৬০ টাকায় কেজি বিক্রি হচ্ছে।

নতুন সবজি করলা প্রতি কেজি পাওয়া যাচ্ছে ৬০ টাকায়, উচ্ছে ৪০ টাকায় আর ঢেঁড়শ ৬০ টাকায়।

তবে কারওয়ান বাজারে, শিমের কেজি ২৫ টাকা, মরিচ ৫০ টাকা, ঢেঁড়শ ৩০ টাকা, ঝিঙে ৩০ টাকা ও বেগুন ১৫ টাকায় বিক্রি হচ্ছিল।  

এই বাজারের বিক্রেতা মুহাইমিনুল ইসলাম বাবুল জানান, শীতের ভরা মৌসুমে ৩০ টাকা কেজি দরে কাঁচা মরিচ, ২০-৩০ টাকা দরে শিম ও এবং প্রতি পিস ফুলকপি ১০ টাকায় বিক্রি করেছেন।

মাছবাজার ঘুরে দেখা গেছে, বড় সিং ৮৫০ টাকা, মাগুর ৭০০ টাকা, শোল ৫০০ টাকা, দেশি কৈ ৬০০ টাকা, রুই ২৬০ টাকা, তেলাপিয়া ১০০ টাকা এবং ছোট চিংড়ি ৪০০ টাকায় কেজি দরে বিক্রি হচ্ছে।