২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও বেড়েছে চিনির দাম

আমদানি শুল্ক বাড়ানোর আগাম খবরে চিনির দাম হঠাৎ কেজিতে পাঁচ টাকা বেড়ে গিয়েছিল; ঘোষণার পর তার সঙ্গে যোগ হয়েছে আরও দুই টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 05:18 PM

Updated : 20 Aug 2022, 11:28 AM

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে খোলা চিনি ৪৫ থেকে ৪৭ টাকা দামে বিক্রি হতে দেখা গেছে, যা গত সপ্তাহে সর্বোচ্চ ৪৫ টাকা কেজি দরে মিলেছিল।

এর আগে ২৩ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চিনি আমদানিতে নতুন করে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) আরোপ করে।

একইসঙ্গে পরিশোধিত ও অপরিশোধিত চিনির আমদানি মূল্যও টনপ্রতি ৩০ ডলার বাড়ানো হয়।

এর ফলে অপরিশোধিত চিনির আমদানিমূল্য প্রতি টন ৩২০ ডলার থেকে বেড়ে ৩৫০ ডলার, আর পরিশোধিত চিনির আমদানিমূল্য প্রতি টন ৪০০ থেকে বেড়ে ৪৩০ ডলার দাঁড়িয়েছে।

সরকারি এই সিদ্ধান্তের প্রভাবে পাইকারি ও খুচরা বাজারে চিনির দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

যদিও বেসরকারি খাতের চিনি পরিশোধনকারিদের দাবি তারা এখনও দাম বাড়াননি।  

দেশের অন্যতম চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার চিনি আমদানিতে শুল্ক বাড়াবে এমন খবর প্রচারিত হওয়ার পর থেকে চিনির দাম বাড়ছে। তবে আমরা এখনও মিল গেটে দাম বাড়াইনি।”

অপরদিকে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আমদানি খরচ বেড়ে যাওয়া ও  মিল গেটে দাম বাড়ায় চিনির দাম বেড়েছে।

মৌলভীবাজারের ব্যবসায়ী মোহাম্মাদ আলী ভুট্টো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাইকারি বাজারে চিনির দাম কেজিতে ২ টাকা বেড়েছে। তবে সরকার যে হারে শুল্ক বাড়িয়েছে সেই হিসেবে দাম এখনও কম। আগামীতে চিনির দাম আরেকটু বাড়বে।”

বৃহস্পতিবার মৌলভীবাজারে প্রতি মণ চিনি ১৫৮০ টাকা দরে বিক্রি হয়েছে, অর্থাৎ প্রতি কেজি চিনির পাইকারি দর ছিল ৪২ টাকা ৬৬ পয়সা।

মিল মালিকরা একবারে না বাড়িয়ে ধাপে ধাপে দাম বাড়াচ্ছে বলে জানান তিনি।

সরকারি বাণিজ্যিক সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্য মতে, এক মাসের ব্যবধানে চিনির দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে।

ভোজ্য তেলের দামও বেড়েছে

নিত্য প্রয়োজনীয় পণ্য সয়াবিন তেলের দাম সপ্তাহের ব্যবধানে লিটারে ২ থেকে ৩ টাকা টাকা বেড়েছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ৮৬ থেকে ৮৮ টাকা দরে বিক্রি হয়েছে, যা গত সপ্তাহে ৮৪ থেকে ৮৫ টাকায় পাওয়া গেছে।

দেশব্যাপী শৈত্যপ্রবাহ থাকায় এই ভোজ্যতেলের দাম বেড়েছে বলে জানান পাইকারি ভোজ্যতেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী ভুট্টো।

তিনি বলেন, “শীতের সময় সয়াবিনের চাহিদা একটু বেশি থাকে। আর সম্প্রতি শীত বেশি হওয়ায় চাহিদা আরেকটু বেড়েছে। যে কারণে দামও বেড়েছে।”

শীত কমে এলে এই দাম কমে আসবে বলে মনে করেন ভুট্টো।

বৃহস্পতিবার পাইকারি বাজারে প্রতি লিটার ভোজ্যতেল ৮২ থেকে ৮২ টাকা ৫০ পয়সা পর্যন্ত বিক্রি হয়েছে বলে জানান তিনি। 

Image
ফাইল ছবি

ফাইল ছবি

Image
ফাইল ছবি

ফাইল ছবি

 

অন্যান্য নিত্য পণ্য

নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে পেঁয়াজ, বসুন, আদা, আলুর দাম কমছে।

এর মধ্যে দেশি নতুন পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। দেশি রসুন পাওয়া যাচ্ছে ৮০ থেকে ১১০ টাকা কেজি দরে। আর আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে। আর আদা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৮০ টাকা কেজি।  

আলু বিক্রি হচ্ছে আকার ভেদে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে।  

তবে শীতের সবজির দাম কমছে না। বিশেষকরে ফুল ও বাঁধাকপি, লাউ, টমোটোর দাম এখনও মৌসুমের শুরুর মতই।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে ফুল ও বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা পিস, লাউ ৪০ থেকে ৫০ টাকা আর টমেটো ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ টাকা বেড়ে ১৪০ থেকে ১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হয়েছে।

শিম প্রতি কেজি ৩০ টাকা, বেগুন ৪০ থেকে ৪৫ টাকা, বরবটি ৪০ টাকা, মূলা ২০ টাকা, শালগম ৪০ টাকা, শসা ৩০ টাকা, গাজর ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া মিষ্টি কুমড়া প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা এবং বিভিন্ন ধরনের শাকের (পালং, লাল) আঁটি ৫ টাকায় মিলছে।