চিনির বাজারে ‘অস্থিরতা’
আমদানি শুল্ক বাড়ানোর গুজবে হঠাৎ করেই পাইকারি ও খুচরা বাজারে চিনির দামে দেখা দিয়েছে ‘অস্থিরতা’।
সপ্তাহের ব্যবধানে কেজিতে এই পণ্যটির দাম বেড়েছে চার থেকে পাঁচ টাকা।
গত সপ্তাহে রাজধানীর দোকানগুলোতে ৩৯ থেকে ৪০ টাকা কেজি দরে খোলা চিনি বিক্রি হলেও শুক্রবার তা বিক্রি হতে দেখা গেছে ৪৪ থেকে ৪৫ টাকায়।
সর্বশেষ বৃহস্পতিবার ঢাকার অন্যতম পাইকারি বাজার মৌলভীবাজারে চিনির সরবরাহও কম ছিল বলে জানিয়েছেন কয়েকজন খুচরা ব্যবসায়ী।
চিনি পরিশোধনকারীরা বলছেন, পাইকারি ব্যবসায়ীরা সরবরাহ কমিয়ে দেওয়ায় দাম বেড়েছে।
অপরদিকে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মিল গেটে দাম বেড়ে গেলে তাদের কী করার আছে। আর খুচরা বিক্রেতাদের ভাষ্য, বেশি দামে কেনার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
দেশের অন্যতম চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার চিনি আমদানিতে শুল্ক বাড়াবে এমন খবর প্রচারিত হওয়ার পর থেকে পাইকারি ব্যবসায়ীরা হাতে থাকা চিনি বিক্রি করছে না। যে কারণে দাম বেড়েছে।”
বিশ্বজিৎ সাহা বলেন, বর্তমানে অপরিশোধিত চিনি আমদানিতে বিভিন্ন পর্যায়ে টনপ্রতি সাড়ে ৭ হাজার টাকা শুল্ক দিতে হয়। শোনা যাচ্ছে সরকার এই হার পরিবর্তন করে ১৪ হাজার টাকা করার উদ্যোগ নিয়েছে। আর পরিশোধিত চিনি আমদানিতে টন প্রতি ১৮ হাজার টাকা শুল্ক ধরা হবে।”
“এই খবর ছড়িয়ে পড়ার পর পাইকারি ব্যবসায়ীরা চিনি বিক্রি কমিয়ে দিয়েছেন। অনেকে বিক্রি বন্ধ রেখেছে। যে কারণে দাম বেড়েছে।”
বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আনোয়ার হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার চাচ্ছে চিনির দাম বাড়ুক। কারণ সরকারি চিনিকলগুলোতে প্রায় ৩ লাখ টন চিনি রয়েছে। এসব চিনি বিক্রির জন্য আমদানি পর্যায়ে শুল্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”
“পাইকারি পর্যায়ে চিনি সরবরাহ কমানো হয়নি। বরং পরিশোধনকারীরা চিনির দাম বাড়িয়েছেন,” বলেন মৌলভীবাজারের এই ব্যবসায়ী।
তবে সরকারি মিলগুলোর চিনির দাম বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ চিনি শিল্প ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন।
তিনি বলেন, “আমরা এখনও ডিলারদের ৩৭ টাকা কেজি দরে চিনি সরবরাহ করছি। এখনও দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।”
দেশে বছরে ১৩ থেকে ১৪ লাখ টন চিনির চাহিদা আছে বলে বিভিন্ন সময়ে ব্যবসায়ীরা তথ্য দিয়েছেন। এই চাহিদার ৯০ ভাগের বেশি মেটানো হয় আমদানি করা চিনির মাধ্যমে।
বর্তমানে পাইকারি বাজারে এক বস্তা (১০০ কেজি) চিনি বিক্রি হচ্ছে ৪১৫০ থেকে ৪১৮০ টাকা পর্যন্ত।
সরকারি বাণিজ্যিক সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে চিনির দাম বেড়েছে ৭ দশমিক ৪১ শতাংশ।
এছাড়া বাজারে সয়াবিন তেল, আলু ও ব্রয়লার মুরগির দামও বেড়েছে।
খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৭৭ থেকে ৮২ টাকা দরে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৭৬ থেকে ৭৯ টাকায়।
আলুর দামে নতুন পুরাতনের ব্যবধান কমেছে। গত সপ্তাহে পুরানো আলু ৩৫ টাকা কেজিতে পাওয়া গেলেও শুক্রবার তা ৪০ টাকায় বিক্রি হয়েছে। নতুন আলুও ৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
আর ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫ টাকা বেড়ে ১২৫ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হয়েছে।
এছাড়া ফুল ও বাঁধাকপি প্রতি পিস ২০ থেকে ২৫ টাকা, শিম প্রতি কেজি ৩০ টাকা, বেগুন ৪০ থেকে ৪৫ টাকা, বরবটি ৪০ টাকা, মূলা ২০ টাকা, শালগম ৪০ টাকা, শসা ৩০ টাকা, গাজর ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা এবং বিভিন্ন ধরনের শাকের (পালং, লাল) আঁটি ৫ টাকায় মিলছে।
