এন মোহাম্মদ প্লাস্টিকের পণ্য যাবে জাপানে
পণ্য আমদানি করতে এন মোহাম্মদ প্লাস্টিকের সঙ্গে চুক্তি করেছে জাপানি প্রতিষ্ঠান এলইসি।
সোমবার চট্টগ্রাম নগরীতে এন মোহাম্মদ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বারকোড অন ফায়ারে এই পণ্য রপ্তানি নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এমওইউ সই হয়।
এন মোহাম্মদ প্লাস্টিকের ব্যবস্থাপনা পরিচালক নজরুল হক জানান, এলইসি তাদের ডিজাইন করা পণ্য এন মোহাম্মদ প্লাস্টিকের মাধ্যমে তৈরি করে জাপানে বাজারজাত করবে।
প্রাথমিক পর্যায়ে সীমিত সংখ্যক পণ্য বাজারজাত হলেও চাহিদা অনুসারে ক্রমান্বয়ে তা বাড়ানো হবে বলে জানান তিনি।
এলইসির পক্ষে মিয়ানাগা কাজুনোরি ও এন মোহাম্মদ প্লাস্টিকের পক্ষে মহা-ব্যবস্থাপক সৈয়দ আব্দুল্লাহ ফরহাদ চুক্তি সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপানের কনসাল জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক ও মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের জোনাল হেড মুজিবল কাদের, এন মোহাম্মদ প্লাস্টিকের ব্যবস্থাপনা পরিচালক নজরুল হক, পরিচালক এনামুল হক ও মনজুরুল হক।
