প্রাণ-আরএফএলের পণ্য যাবে ইয়েমেনেও
এখন থেকে প্রাণ-আরএফএলের বিভিন্ন খাদ্য পণ্য সরবরাহে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনেও রপ্তানি হবে।
এজন্য গত সোমবার রাজধানীতে প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে দেশটির কোম্পানি আলমুশারার সঙ্গে একটি চুক্তি সই হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির ফলে প্রথমবারে মতো ইয়েমেনে বছরে প্রায় ২১ লাখ ডলার মূল্যের পণ্য রপ্তানি হবে।
“এসব পণ্যের মধ্যে থাকবে জুস ও ড্রিংকস এবং বিভন্ন ধরনের কনফেকশনারি আইটেম যেমন- ললিপপ, বাবলগাম, টমক্যান্ডি, চকোচকো ও বিভিন্ন ধরনের বিস্কুট।”
প্রাণ-আরএফলের প্রধান রপ্তানি কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং আলমুশারার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাশেম আলমুশারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বর্তমানে বিশ্বের ১২১টি দেশে প্রাণের পণ্য রপ্তানি হচ্ছে বলে মিজানুর রহমান জানান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাণ এক্সপোর্ট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা আরিফুর রহমান, জ্যেষ্ঠ কর্মকর্তা এহসানুল সিদ্দিক, আলমুশারা কোম্পানির মুহতাসিম ও নাবিল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
