২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেঁয়াজের রপ্তানি মূল্য কমাল ভারত

পেঁয়াজের রপ্তানি মূল্য প্রতি মেট্রিক টনে ৭০০ ডলার থেকে কমিয়ে ৪০০ ডলার করেছে ভারত, যার ইতিবাচক প্রভাব বাংলাদেশের বাজারেও পড়বে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 05:18 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

দেশটির বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমন বৃহস্পতিবার এক টুইটে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান বলে এনডিটিভির এক খবরে বলা হয়।   

ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির সভাপতিত্বে কৃষিমন্ত্রী রাধা মোহন সিংও ওই বৈঠকে অংশ নেন।

অকাল বৃষ্টির কারণে ভারতের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় গত অগাস্টে সে দেশের সরকার রপ্তানিমূল্য প্রতি মেট্রিক টনে ৪২৫ ডলার থেকে বাড়িয়ে ৭০০ ডলার করে। বাংলাদেশের বাজারেও এর প্রভাব পড়ে।     

নিত্য প্রয়োজনীয় এই খাদ্যপণ্যটির উত্পাদনে ঘাটতির কারণে প্রতিবছর তিন লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয় বাংলাদেশকে। এর বেশিরভাগটাই আসে ভারত থেকে।  

অবশ্য নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় স্থানীয় বাজারে এই পণ্যের দাম কমতে শুরু করেছে।

ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) বাজার দরের তথ্য অনুযায়ী, শনিবার ঢাকার বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬১ টাকায় বিক্রি হয়েছে।

আর প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে শনিবার, এক মাস আগে যা ৪০ থেকে ৫০ টাকা ছিল।    

পুরান ঢাকার পাইকারি বাজার মৌলভীবাজারের পেঁয়াজ ব্যবসায়ী রতন কুমার সাহা বলেন, “নতুন পেঁয়াজ ওঠায় আমাদের বাজারে দাম এমনিতেই নিম্মমুখী। ভারত সরকার রপ্তানি মূল্য কমানোয় আমদানি করা পেঁয়াজের দাম আরও কমবে।”

পুরনো খবর:

ভারতীয় পেঁয়াজের দাম বাড়ায় শঙ্কা