এপেক্স ফুটওয়্যারের রজত জয়ন্তীতে স্ক্যাচকার্ড অফার
বিপণনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ উপহারের সুযোগ নিয়ে এসেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড।
সম্প্রতি ঢাকায় এক সংবাদ সম্মেলনে আকর্ষনীয় এসব পুরস্কার জেতার নিয়ম-পদ্ধতি তুলে ধরেন কোম্পানিটির শীর্ষ ব্যক্তিরা।
‘এগিয়ে যাওয়ার শুরু হোক ২৫ থেকেই’ শিরোনামের অফারটি আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
এপেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর সংবাদ সম্মেলনে বলেন, “ক্যাম্পেইন চলাকালীন সময়ে গ্রাহকরা এক হাজার টাকার পণ্য কিনলে একটি স্ক্র্যাচ কার্ড পাবেন। কার্ডটিতে থাকা গোপন নাম্বারটি স্ক্র্যাচ করে ২৩৪৫ নাম্বারে এসএমএস পাঠালে, তাদের ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে।
“সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে বেছে নেয়া হবে ২৫ জন বিজয়ীকে, যাদের তিনজন পাবেন একটি করে হুন্দাই ইয়োন ব্রান্ডের গাড়ি। চারজন পাবেন একটি করে মোটর বাইক এবং ১৮ জন পাবেন একটি করে আইফোন-৬ হ্যান্ডসেট।”
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গিয়াস হোসেন ও চিফ অপারেটিং অফিসার রাজন পিল্লাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
