২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতুল অটো থ্রি হুইলার বাজারে আনল ইফাদ

পরিবেশবান্ধব ইউরো- থ্রি মডেলের অতুল অটো ব্র্যান্ডের থ্রি হুইলার সিএনজি এবং ডিজেল চালিত গাড়ি বাজারজাত শুরু করেছে ইফাদ গ্রুপ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 01:45 AM

Updated : 22 Aug 2022, 01:00 PM

রোববার সোনারগাঁও হোটেলে অতুল ব্র্যান্ডের থ্রি-হুইলার অটোরিকশা উদ্বোধন করেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

১০ বছর আগের চেয়ে বর্তমানে দুর্ঘটনা অনেক কমেছে দাবি করে নৌমন্ত্রী বলেন, “প্রতিদিন দুর্ঘটনা ও মৃত্যুর মিছিল বাড়ছে এইসব তথ্য দিয়ে আমাদের দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

“দেশে দুর্ঘটনা কমেছে, উদাহরণ দিয়ে বলা যায় ঢাকা-আরিচা মহাসড়কে ২০১১ সালে দুর্ঘটনার সংখ্যা ছিল ৫০০ আর ২০১২ সালে সেই সংখ্যা ১০০ এর নিচে এসে যায়।”

মহাসড়কে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞায় ভোগান্তি হ্রাসের পাশাপাশি দুর্ঘটনা কমবে বলেও দাবি করেন শাজাহান খান।

অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, “দেশে ব্যাটারিচালিত থ্রি হুইলার ও নসিমন, করিমনের মতো নিম্নমানের গাড়ি চলাচল করছে। জনসাধারণের চলাচলে সুবিধায় মানসম্মত ও উপযুক্ত গাড়ি ব্যবহারের প্রয়োজনীয়তা উপলব্ধি থেকে ইফাদ গ্রুপ পরিবেশবান্ধব অতুল অটো ব্র্যান্ডের থ্রি হুইলার বাজারজাত শুরু করেছে।”

যে পরিবহনটি বাজারে আসছে এটি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবিকার জন্য একটি বিশেষ সংযোজন হিসেবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন ইফতেখার।

অনুষ্ঠানে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, অতুল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জন্তিভাই জগজীবন চন্দ্র বক্তব্য রাখেন।