‘চান রাতের’ কেনাকাটা: মখমলের শাহি টুপি ‘একদাম’ দেড় হাজার
‘আগর-উদ’ নামে পরিচিত সিলেটের আগর থেকে তৈরি ভালো মানের আতরের এক বোতলের (৫ এমএল) দাম ৫ হাজার টাকা।
ঈদের কেনাকাটার শেষ দিকে শখের টুপি আর আতরের খোঁজে নেমেছেন অনেকে। চান রাতে যাদের মার্কেটে না গেলে চলেই না তারা ইফতার শেষে ভিড় করতে শুরু করেছেন টুপির বাজারে; সঙ্গে চলছে আতর ও জায়নামাজ বাছাই।
উৎসবের এ সময়ে যারা রাজধানী ঢাকায় রয়ে গেছেন তাদের অনেকেই নতুন পাঞ্জাবির সঙ্গে রঙের সঙ্গে মিল রেখে টুপি কিনতে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে এসেছেন।
রাজধানীর টুপি, জায়নামাজ ও আতরের সবচেয়ে বড় এ মার্কেটে একই সঙ্গে আতরদানি ও সুরমা কিনতে দেখা গেল অনেককে। কেউ কেউ জায়নামাজের পাশাপাশি একসঙ্গে কয়েকজন দাঁড়িয়ে নামাজ পড়তে বড় ম্যাট কিনছেন।
বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে দেখা গেল সাধারণ মান থেকে শুরু করে নকশা করা দেশি ও বিদেশি টুপি মিলছে ২০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত দামে। একদাম দেড় হাজার টাকায় মখমলের শাহি টুপি বিক্রি করছেন জয়নাল স্টোরের বিক্রেতা আলিম হোসেন।
আতর মিলছে মানভেদে ৫০ থেকে শুরু করে ৫ হাজার টাকায়। পছন্দের সুগন্ধির খোঁজে দোকান থেকে দোকানে যাচ্ছেন ক্রেতারা।
সিলেটের আগর থেকে তৈরি ভালো মানের আতরের এক বোতলের (৫ এমএল) দাম ৫ হাজার টাকা। বায়তুল মোকাররম মার্কেটের ইসলামিয়া আতর হাউসের পরিচালক হাফিজুর রহমান বললেন, এটি ‘আগর-উদ’ নামে পরিচিত।
পঞ্জাবির রঙের সঙ্গে মিলিয়ে টুপি কিনতে আসা ওবায়দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘বন্ধুর দোকান থেকে সাদা রঙের পাঁচটা টুপি নিলাম। বাপ-বেটারা সবাই এই টুপি পড়বো।’’
ঢাকার এ বাজারে দেশি কারখানায় তৈরি টুপির সঙ্গে পাওয়া যাচ্ছে মালয়েশিয়া, তুরস্ক, চীন ও পাকিস্তান থেকে আমদানি করা টুপিও। দাম পড়ছে ১০০ থেকে তিন হাজার টাকা। আছে কারুকাজ ও পাথর বসানো ১০ হাজার টাকা দরের টুপিও।
সুতার তৈরি ও পাথর বসানো সিন্ধি টুপি একদামে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে এ বাজারে।
কেউ কেউ গলায় প্যাচানোর জন্য বড় রুমাল দরদাম করছেন। এক্ষেত্রে বেশি পছন্দ সাদা-কালোর ছোপ দেওয়া ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের ব্যবহার করা রুমাল। গাজায় ইসরায়েলের আগ্রাসী হামলার পর বিশ্বব্যাপী প্রতিবাদের অংশ হিসেব এ রুমাল ব্যবহার শুরু করলে বাংলাদেশেও তা পরিচিতি পায় প্রতিবাদের প্রতীক হিসেবে।
দোকানিরা জানিয়েছেন, শেষ ধাপের এ কেনাকাটা চলবে ঈদের সকাল পর্যন্ত।
এবার রোজা ৩০টি হওয়ায় রাত পোহালে শনিবার হচ্ছে ঈদ।
বন্ধু ও প্রিয়জনদের উপহার দিতেও টুপি ও আতরের প্যাকেজ কিনছেন অনেকে।
শপিং মলের বাইরে ঢাকার গুলিস্তান, কাঁটাবন মসজিদ মার্কেট, কাকরাইল মসজিদ মার্কেটসহ ফুটপাতের বিভিন্ন দোকানেও পাওয়া যাচ্ছে হরেক রকমের টুপি।
দাপ্তরিক কাজে কুমিল্লা থেকে ঢাকায় এসেছিলেন হাফেজ মুনতাসিম বিল্লাহ। ফেরার পথে বায়তুল মোকাররম থেকে টুপি কিনে নিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘সব সময়ই টুপি ব্যবহার করা হয়। এজন্য একটু ভালো মানের দরকার হয়। ঈদের সময় তাই নতুন একটা টুপি নিলাম এক হাজার টাকা।‘’
তার ভাষ্য, ভালো মানের টুপির জন্য বায়তুল মোকাররমই ভরসা। বিভিন্ন দোকান দেখে দারদাম করে বাছাই করার এমন সুযোগ আর কোথাও পাওয়া যায় না।
টুপি কিনতে এ মার্কেটে আসা ক্রেতারা আয়নায় দেখে নিচ্ছেন মানাচ্ছে কি না। পছন্দ শেষে দরদাম করে চলছে কেনাবেচা। এজন্য প্রতিটি দোকানেই রয়েছে আয়না।
রোজার শুরু থেকে দুই ঈদের মধ্যবর্তী সময়ে জায়নামাজ সবচেয়ে বেশি বিক্রি হওয়ার তথ্য দিয়ে সুলতান হউসের বিক্রেতা মোহাম্মদ সুলতান বলেন, অনেকেই আগাম বুকিং দিয়ে রাখেন জায়নামাজের। এখনই বিক্রির সময়।
রাজধানীর উত্তরা থেকে পরিবারের সবার জন্য জায়নামাজ কিনতে আসা এক দম্পতিকে পাঁচটি কিনতে দেখা গেল।
ক্রেতা আশরাফুল ইসলাম বলেন, ‘‘সন্তানদের জন্য একটি করে লাগবে। দুই আত্মীয় আছে তাদের গিফট (উপহার) দেব। তাই একসঙ্গে কিনে নিলাম।’’
শিসির নকশা বদলেছে আতরের
আতর মানেই এক থেকে তিন মিলিগ্রামের সাদা স্বচ্ছ কাচের ছোট্ট বোতল যেটির মুখ মোড়ানো খাপের (ছিপি) সঙ্গে ভেতরে থাকে প্লাস্টিকের একটি নল।
ছিপি ঘুড়িয়ে বের করার সময় নলের গায়ে আটকে থাকা আতর জামায় ঘষে ঘ্রাণ নেওয়ার চেষ্টা বহু পুরনো। পরে বোতল হয়েছে প্লাস্টিকের ও মুখে বসেছে ঘূর্ণায়মান বল। এ বল জামায় ঘষলে ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে যায়।
এবার আতরে বোতলের নকশা বদলে এসেছে মিনারের সাজ। সোনালি রঙের নানা কারুকাজ খচিত বোতল ক্রেতা আকর্ষণে দোকানিরা সাজিয়ে রেখেছেন। বায়তুল মোকাররম, ফার্মগেট, কারওয়ান বাজার ও বিভিন্ন শপিং মলে মিলছে নতুন নকশার এসব বোতল।
দেশের বাজারে এখন অ্যালকোহলমুক্ত আতরই বিক্রি হয় বেশি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বানানো হোয়াইট, এলিটো, কোরাঈশি, সুরগতি, ওধ, চকোলেট মাক্সসুলতান, আমির আল কুয়াদিরাজা ওপেন, জান্নাতুল ফেরদৌস, রয়েল, ওরেঞ্জ, সফট, লর্ডনিভিয়া মেন, রয়েল ম্যাবরেজজপি, রাসা নামের আতর চলছে বেশি।
এছাড়া ফ্রান্স কোম্পানির কুলওয়াটার ও ডানহিল বানানো হয় দুবাইতে। সেই আতর দেশে আসে বিভিন্ন হাত ধরে। এর বাইর পাশ্চাত্যের বিভিন্ন কোম্পানি এখন আবুধাবি, কাতার এবং ওমানে আতর তৈরি করে রপ্তানি। এরমধ্যে ফিগো, সিকোওয়ান, ইস্কেফ, গোল্ডেন সেন্ট অন্যতম। ‘হাজরে আসওয়াদ’ নামেরও আতর রয়েছে অনেক দোকানে।
বিভিন্ন আতরের সঙ্গে দেশি ফুলের সৌরভ মেশানো আতরও বিক্রি হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে জেসমিন, হাসনাহেনা, রজনীগন্ধা, বেলি, সিলভার ইত্যাদি।
বায়তুল মোকাররমের ইসলামীয়া আতর হাউসের বিক্রেতা হারুনুর রশিদ বেচাবিক্রি মোটামুটি ভালো হওয়ার কথা বললেন।
কাচা বেলি ৭০ থেকে শুরু করে সিলভার আতর ছোট্ট এক শিসি ২৫০ টাকায় বিক্রির তথ্য দেন তিনি।
হোয়াইট, ওথ নামের আতর তিন মিলিলিটারের শিসি পাওয়া যাচ্ছে ২০০ টাকা, এলিটো ১০০০ টাকা ও কোরাঈশি ৮০০ থেকে ৯০০ টাকায়। চীনের ওয়ানি ৬০০ থেকে ৭০০ টাকা আর মধ্যপ্রাচ্যের অ্যারাবিয়ান পাওয়া যাচ্ছে ২০০০ টাকায়।
