প্রাইম ব্যাংকের সেবা নেবে এশিয়া ফাউন্ডেশন
এ বিষয়ে চুক্তি করেছে প্রতিষ্ঠান দুটি।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান দ্যা এশিয়া ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে প্রাইম ব্যাংক।
চুক্তির আওতায় এশিয়া ফাউন্ডেশনে কর্মরতরা প্রাইম ব্যাংকের ভোক্তা ঋণ, ক্রেডিট কার্ড এবং অন্যান্য সেবায় বিশেষ সেবা ও সুবিধা পাবেন। এছাড়া ফাউন্ডেশন ব্যাংকটির করপোরেট ও ক্যাশ ম্যানেজমেন্টের ডিজিটাল সলিউশন-প্রাইম পে এর সুবিধাও পাবে।
প্রাইম ব্যাংক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন ও হেড অব কনজ্যুমার সেলস মামুর আহমেদ এবং এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এসময় প্রাইম ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং ডিভিশনের ইভিপি মাহবুবা আশরাফ ও এশিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর মোহাম্মদ কামরুল হাসান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
চুক্তির বিষয়ে শামস আবদুল্লাহ বলেন, “দ্যা এশিয়া ফাউন্ডেশনের এমপ্লয়িদের আর্থিক ব্যবস্থাপনার সক্ষমতা অর্জনের পথকে সহজ ও ফলপ্রসূ করার লক্ষ্যে এই পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। এটি ব্যতিক্রমী ব্যাংকিং পরিষেবা প্রদান এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রমাণ বহন করে।”
