২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বদলি হলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল

পদোন্নতিজনিত কারণে এই বদলি, জানিয়েছেন তিনি।

ময়মনসিংহে বদলি হলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল

মেজবাউল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 10:42 PM

Updated : 24 Jul 2023, 10:42 PM

দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় পদোন্নতিজনিত কারণে প্রধান কার্যালয় থেকে ময়মনসিংহ শাখা অফিসে বদলি হলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।

তিনি এখন কেন্দ্রীয় ব্যাংকের ময়মনসিংহ অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। গত রোববার তার বদলির আদেশ হয়।

মেজবাউল হক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ময়মনসিংহ অফিসে বদলির আদেশ হয়েছে। পদোন্নতি পেলে তো বদলি হতে হয়, এটাই নিয়ম।”

গত বছরের ৪ ডিসেম্বর নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পাওয়ার দিনই কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয় মেজবাউল হককে।

পুরনো খবর:

মুখপাত্র বদলালো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের পদোন্নতি বিধান অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিভাগ পরিবর্তন হয়। আর নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতির শর্তে থাকে কর্মরত বিভাগীয় কার্যালয় বদলের বিষয়টি।

অর্থাৎ কোনো পরিচালক (সাবেক মহাব্যবস্থাপক পদ) পদের কর্মকর্তা পরবর্তী ধাপের পদোন্নতি হিসেবে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলে তাকে বাংলাদেশ ব্যাংকের অন্য কোনো কার্যালয়ে বদলি হতে হবে।

প্রধান কার্যালয় ছাড়া সারাদেশে বরিশাল, চট্টগ্রাম, মতিঝিল, রাজশাহী, ঢাকার সদর ঘাট, বগুড়া, খুলনা, ময়মসিংহ, রংপুর ও সিলেট মিলিয়ে ১০টি কার্যালয় রয়েছে বাংলাদেশ ব্যাংকের।

বিশেষ ক্ষেত্রে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের ভিন্ন কার্যালয়ে বদলি করে না বাংলাদেশ ব্যাংক। এরমধ্যে অন্যতম কারণ হচ্ছে, ওই কর্মকর্তার অবসর নেওয়ার সময় ঘনিয়ে আসা।

মেজবাউল হকের চেয়ে আগে পদোন্নতি পাওয়া নির্বাহী পরিচালকদের সবাই পর্যায়ক্রমে ঢাকার বাইরের শাখা অফিসে বদলি হয়েছেন। তিনি আট মাস পরে ঢাকার বাইরে যাচ্ছেন।

১৯৯৩ সালে কেন্দ্রীয় ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেওয়া মেজবাউল হক প্রধান কার্যালয়ে থেকে দায়িত্বে অবমুক্ত হলেই নতুন মুখপাত্র নিযুক্ত করবে বাংলাদেশ ব্যাংক, জানিয়েছেন এক কর্মকর্তা।

তিনি বলেন, আগামী সপ্তাহে তাকে প্রধান কার্যালয় থেকে অবমুক্ত করা হবে।

এদিকে ময়মনসিংহ অফিসে থাকা নির্বাহী পরিচালক এস এম আব্দুল হাকিমকে প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে।