বাজারে ‘পর্যাপ্ত’ ভোজ্যতেল আছে, আতঙ্কিত না হওয়ার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
দাম বাড়ার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “কেন আমার কাছ থেকে আগাম কথা বের করতে চাচ্ছেন?”
বাজারে ভোজ্যতেলের ‘পর্যাপ্ত’ সরবরাহ রয়েছে দাবি করে ভোক্তাদের ‘অহেতুক’ আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দেশের ভোজ্যতেল সরবরাহকারী কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে বসে মন্ত্রী বলেন, “আমার অনুরোধ আপনাদের মাধ্যমে সবার কাছে, দয়া করে আতঙ্কিত হয়ে বেশি বেশি কেনার প্রতিযোগিতায় নামার দরকার নাই। কারণ বাজারে তো পর্যাপ্ত সরবরাহ রয়েছে।
“যে জিনিস আছে, সেটার জন্য তো প্রতিযোগিতার দরকার নাই। আর প্রতিযোগিতা করলে অনেক সময় অসাধু, যার মনঃবৃত্তি সাধু না, সেসব বিক্রেতা এটার সুযোগ নিতে পারে। তাহলে কেন অহেতুক আতঙ্ক সৃষ্টি আর সেইসব বিক্রেতাদের সুযোগ করে দিব।”
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের এই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
বৈঠকের বিষয়ে তিনি বলেন, “অনেকে অভিযোগ করেছেন যে, রূপচাঁদা ও তীর, এই দুই ব্র্যান্ডের কমতি। আবার ফ্রেশের সরবরাহ আছে, আবার অনেকে খোলা তেল বেচেন, তাদের সরবরবাহও আছে। নতুন একটা ব্র্যান্ড দেখলাম। এগুলোর পক্ষে-বিপক্ষে দুই দিকেই কথা আছে।
“তবে মোদ্দাকথা, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কোনো কোনো ব্র্যান্ডের কম, এটা আমি ওই দিনের বাজারে দেখেছি। এ সমস্ত পরিস্থিতি মূল্যায়নে বসেছি আজকে আমরা।”
দাম বাড়ার শঙ্কা রয়েছে কিনা চাইলে তিনি বলেন, “কেন আমার কাছ থেকে আগাম কথা বের করতে চাচ্ছেন? আমরা পর্যালোচনা করছি।”
গত বৃহস্পতিবার থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে রেখেছিল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি কয়েক দিন আগে বাণিজ্য মন্ত্রণালয়েও প্রস্তাব পাঠায়।
তবে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাবটি যাচাই-বাছাই করে দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়। গত কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশি দামে বিক্রির জন্য জরিমানাও করে।
আরো পড়ুন
