Published : 09 Apr 2026, 05:43 PM
চুয়াডাঙ্গায় বোতলজাত ভোজ্যতেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং পরিমাপে জ্বালানি কম দেওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি বলেন, বোতলজাত সয়াবিন তেল বেশি মূল্যে বিক্রয় করায় এবিএম স্টোরের মালিক মো. আব্দুল মান্নানকে পাঁচ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় হাসান স্টোরের মালিক মো. হাসানকে পাঁচ হাজার এবং পরিমাপে কম তেলে দেওয়ায় মেসার্স মনিরুল ফিলিং স্টেশনের মালিক মো. মনিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সেইসঙ্গে আইন মেনে মান-সম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয় বলে জানান মামুনুল হাসান।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।