২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি বিনিয়োগ: ডলারে খোলা যাবে অস্থায়ী ব্যাংক হিসাব

সম্ভ্যাব্য বিদেশি বিনিয়োগকারীরা এমন হিসাব খুলে এক বছর বিদেশি মুদ্রা রাখতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 11:35 PM

Updated : 21 Jun 2023, 11:34 PM

বাংলাদেশে কোম্পানি অনুমোদন ও নিবন্ধনের আগেই সম্ভ্যাব্য বিদেশি বিনিয়োগের বিপরীতে প্রস্তাবিত কোম্পানির নামে বৈদেশিক মুদ্রায় অস্থায়ী এফসি (ফরেইন কারেন্সি) হিসাব খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার এক সাকুর্লারে বলা হয়েছে, অস্থায়ী হিসাবটি এক বছরের জন্য পরিচালনা করা যাবে। এসব হিসাব থেকে প্রয়োজনে অনুমোদিত উপায়ে বিদেশি দায় পরিশোধের সুযোগ থাকবে। আর মূলধনী ব্যয় মেটাতে বা নগদ উত্তোলনের জন্য টাকায় বিনিময় করা যাবে।

এ বিষয়ে বিদেশি মুদ্রা লেনদেনকারী এডি (অথোরাইজড ডিলার) ব্যাংক শাখাকে নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোম্পানি গঠন ও নিবন্ধনের পর অস্থায়ী হিসাব থেকে স্থায়ী এফসি হিসাবে অর্থ স্থানান্তর করতে হবে।

এ সিদ্ধান্ত বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করবে। আর চাপে থাকা রিজার্ভ বাড়ানো ও ডলার সংকট কাটিয়ে উঠতে কোম্পানি গঠন বা বিনিয়োগ অনুমোদনের আগেই এমন বিদেশি মুদ্রায় অস্থায়ী হিসাব পরিচালনা করার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক।

এতে বিদেশি বিনিয়োগকারীরা ব্যাংক হিসাবে আগেভাগেই অর্থ এনে জমা রাখতে পারবেন।

বিদ্যমান নিয়ম অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারীদের অর্থ দেশে আনা যায় দুই পদ্ধতিতে। স্থানীয় কোনো অংশীদার না থাকলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর আরজেএসসি থেকে নিবন্ধন নিয়ে কোম্পানি গঠন করতে হয় বিদেশি বিনিয়োগকারীদের। এরপর কোম্পানির নামে খোলা এফসি হিসাবে বিদেশি মুদ্রা আনা যায়।

অপরদিকে স্থানীয় অংশীদার থাকলে কোম্পানির শেয়ার হস্তান্তরের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীর অর্থ দেশে আনার সুযোগ তৈরি হয়। এক্ষেত্রেও কোম্পানির সংশ্লিষ্ট ব্যাংকে এফসি হিসাব থাকতে হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশে নিট বিদেশি বিনিয়োগ এসেছে ৩ দশমিক ৪৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে ২০ দশমিক ২০ তাংশ বা ৫৮ কোটি ৪৩ লাখ ডলার বেশি।