আইসিএমএবি’র পুরস্কার পেল ওয়ালটন
১৭টি ক্যাটাগরিতে আরও ৬৪টি কোম্পানিকে অ্যাওয়ার্ড দিয়েছে আইসিএমএবি।
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ- আইসিএমএবি’র ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছে ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে মার্কেট ক্যাপিটাইলাইজেশন, করপোরেট সুশাসন, তথ্যের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাসহ বেশ কয়েকটি মানদণ্ড বিবেচনায় ওয়ালটন এ পুরস্কার পেল।
২৮টি ক্রাইটেরিয়া ও ১৭টি ক্যাটাগরিতে ওয়ালটন ছাড়াও আরও ৬৪টি কোম্পানিকে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ অ্যাওয়ার্ড দিয়েছে আইসিএমএবি।
বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে কোম্পানিগুলোর প্রতিনিধিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ বাণিজ্যমন্ত্রীর কাছ থেকে ট্রফি গ্রহণ করেন।
তিনি বলেন, “এই পুরস্কারের মাধ্যমে আইসিএমএবি ওয়ালটনকে দেশের সেরা ইলেকট্রনিক্স উৎপাদনকারী হিসেবে হিসেবে স্বীকৃতি দিয়েছে।
“মর্যাদাপূর্ণ এই পুরস্কার অর্জন করায় ওয়ালটন টিমের সদস্যরা আরও বেশি অনুপ্রাণিত হবেন। ওয়ালটনের সকল বিনিয়োগকারী, পরিচালনা পর্ষদ এবং গ্রাহক, যারা আমাদের উপর বিশ্বাস ও আস্থা রেখেছেন তাদের এই পুরস্কার উৎসর্গ করছি।”
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রফিকুল ইসলাম এবং চিফ রিস্ক অফিসার ও ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
