১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাম তেলের দাম লিটারে কমল ১৯ টাকা

১৫০ টাকা নতুন দাম ঘোষণা করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 02:14 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে পাম তেলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা ঘোষণা করেছে সরকার।

এতোদিন পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারিত ছিল। তবে সয়াবিন তেলের দাম আগের মতই ১৮৯ টাকা (এক লিটার বোতল) অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পাম অয়েলের নতুন দাম ঘোষণা করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

তিনি বলেন, “সয়াবিন তেল এবং পাম তেল দুটোই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সম্পর্কিত। সম্প্রতি পাম তেলের দাম কমায় দেশের বাজারে দাম কমানো হয়েছে। কিন্তু সয়াবিন তেলের দাম আন্তর্জাতিক বাজারে অপরিবর্তিত রয়েছে।

“দেশে যে পরিমাণ তেল ব্যবহার হয় তার ৬০ শতাংশই পাম তেল। সাধারণত আমরা পণ্যের দাম বৃদ্ধির খবর পেয়ে থাকি। আজকে দাম কমার খবর দিলাম।” 

সর্বশেষ গত ১৫ এপ্রিল সয়াবিন ও পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। সে সময় প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম ঠিক করা হয় ১৮৯ টাকায়। এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলের সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয়েছিল ১৭৫ টাকা।