স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের সমাপনী মার্চে
১০ ক্যাটাগরির ৪৯৩টি আবেদন থেকে সংক্ষিপ্ত তালিকা তৈরির কাজ শেষ হয়েছে।
কৃষিখাতে স্বপ্নদর্শী ও উদ্ভাবক উদ্যোগীদের খুঁজে বের করা এবং তাদের প্রাপ্য স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে সংক্ষিপ্ত তালিকা পেয়েছে জুরি বোর্ড।
আগামী মার্চে অ্যাওয়ার্ডের অষ্টম আয়োজন শেষ হবে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় স্ট্যান্ডার্ড চ্যার্টার্ড।
এতে বলা হয়, ২০১৪ সালে শুরু হওয়া এই আয়োজনের অষ্টম সিজন ২০২২- এর অগাস্ট থেকে শুরু হয়। এতে ১০ ক্যাটাগরিতে ৪৯৩টি আবেদন জমা পড়েছে। এ বছর একটি গবেষণা সংস্থা আবেদনপত্রগুলো থেকে যাচাই-বাছাই করে জুরি বোর্ডের সামনে একটি সংক্ষিপ্ত তালিকা তুলে ধরেছে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বোর্ডের সদস্য বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, “পুরস্কারপ্রাপ্তদের বেছে নিতে আমরা নানা মাত্রায় পর্যালোচনা করেছি। বর্তমানে আমাদের কৃষিক্ষেত্রে যে বিপ্লব ঘটছে তাতে যারা এ বছর পুরষ্কৃত হবেন তাদের উল্লেখযোগ্য অবদান আছে।”
বোর্ডের সভাপতি চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, “কৃষক ও কৃষিকে ঘিরে যারা সম্ভাবনার আলো ছড়িয়ে যাচ্ছেন আমরা তাদের আলোয় আলোকিত করতে চাই পুরো বাংলাদেশকে। কৃষি বিবর্তনের ধারাকে সংহত করতে, টেকসই উন্নয়নের দিকে ধাবিত করতে যুক্ত রাখতে চাই নতুন প্রজন্মকে।”
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, “তিন বেলা আমাদের খাবার টেবিলের খাদ্যের যোগান দিচ্ছেন আমাদের কৃষক। এর পেছনে কৃষিবিদ থেকে শুরু করে নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কৃতিত্বপূর্ণ অবদান রয়েছে।
“স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড সেইসব ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে কৃষি উৎপাদন ব্যবস্থাকে আরও গতিশীল করতে চায়।”
জুরি বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লুৎফুল হাসান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাজাহান কবির, ন্যাশনাল জেন্ডার অ্যান্ড সোশিও ইকোনমিক এনালিস্ট ও এফএও বাংলাদেশের জাকিয়া নাজনীন।
