১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নগদের মিশুকসহ ২৪ জনের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের মামলা

মতিঝিল থানায় কেন্দ্রীয় ব্যাংকের হয়ে মামলাটি করেন ‘পেমেন্ট সিস্টেমস’ বিভাগের যুগ্ম-পরিচালক মোহাম্মদ আমীর খসরু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2025, 09:57 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

অর্থ আত্মসাতের অভিযোগে মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক, যেখানে আসামি করা হয়েছে কোম্পানিটির সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ২৪ জনকে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে মতিঝিল থানায় মামলাটি করেন ‘পেমেন্ট সিস্টেমস’ বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ আমীর খসরু। 

মামলায় বলা হয়, গত বছরের ২১ থেকে ২৫ এপ্রিল বাংলাদেশ ব্যাংক নগদের কার্যক্রম পরিদর্শন করে। তাতে বিভিন্ন ব্যাংকের ‘ট্রাস্ট কাম সেটেলমেন্ট’ হিসাবে ইস্যুকৃত ই-মানির বিপরীতে রিয়েল মানির ১০১ কোটি টাকার বেশি ঘাটতি পাওয়া যায়। 

এর পরিপ্রেক্ষিতে গত ২১ অগাস্ট নগদে প্রশাসক দল নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। বর্তমানে প্রশাসক দল ডাক বিভাগের এই কোম্পানির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।

'নগদ’ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে গিয়ে ৬৪৫ কোটি টাকার ই-মানি ঘাটতিসহ আরও কিছু গুরুতর আর্থিক অনিয়মের তথ্য প্রশাসক দলের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক গত সোমবার সন্ধ্যায় মামলাটি করে।

এই বিষয়ে বক্তব্য জানতে নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুককে মঙ্গলবার একাধিকবার ফোন দেওয়া হয়, কিন্তু তিনি ফোন ধরেননি।

মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন মঙ্গলবার রাত পৌনে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগদের ২৪ জনের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের পক্ষে আমীর খসরু একটি মামলা করেছেন। তবে এই মামলায় এখনও কোনো গ্রেপ্তার নেই।”