ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে যুব হ্যান্ডবল প্রতিযোগিতা
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শনিবার শুরু হচ্ছে পাঁচ দিনের জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা।
রাজধানীর শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় অংশ নেবে ঢাকা, বান্দরবান, চাপাঁইনবাবগঞ্জ, চট্টগ্রাম, পঞ্চগড় ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, “এই ধরনের প্রতিযোগিতা যত বেশি আয়োজন করা হবে, ততো প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং ফেডারেশনগুলো শক্তিশালী হবে। জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী হবে।”
ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, “আমি দীর্ঘদিন ক্রিকেট নিয়ে কাজ করেছি। এবারই প্রথম হ্যান্ডবলে আসলাম। এটা যেহেতু অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট, সঙ্গত কারণেই ট্যালেন্ট হান্ট জাতীয় প্রতিযোগিতা। এর মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে।”
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি হাসান উল্লাহ খান রানা, সহকারী সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান, প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি নূরুল ইসলাম অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
