১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

হ্যান্ডবলে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

প্রথমার্ধেই ১৬ গোলে পিছিয়ে পড়া মিষ্টি-শ্যামলীরা পরে আর ঘুরে দাঁড়াতে পারেননি।

হ্যান্ডবলে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

ভারতের বিপক্ষে নিজেদের মেলে ধরতে পারেননি মিষ্টি-শ্যামলীরা। ছবি: হ্যান্ডবল ফেডারেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 09:06 PM

Updated : 19 Oct 2026, 09:06 PM

নেপালকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে নেমে বাস্তবতা টের পেলেন মিষ্টি-শ্যামলীরা। একের পর এক গোল হজম করলেন তারা। বেগম খালেদা জিয়া নারী আইএইচএফ নেশনস ট্রফি (এশিয়া জোন–২)-এর খেলায় ভারতের বিপক্ষে স্রেফ উড়ে গেল বাংলাদেশ।

পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে সোমবার ভারতের বিপক্ষে ৪৭-১৩ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে মেয়েরা পিছিয়ে ছিল ২৪-৮ ব্যবধানে।

টানা দুই জয়ে ফাইনাল খেলা নিশ্চিত করেছে ভারত। নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশের সামনেও সুযোগ আছে ফাইনাল খেলার। চার দলের এই আসরে লিগ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার মালদ্বীপকে হারাতে পারলেই ফাইনালে ভারতের সঙ্গী হবে বাংলাদেশ।

বাংলাদেশ কোচ আনা আলোনসো অবশ্য ভারতের বিপক্ষে হারলেও হতাশ নন। বাস্তবতা মেনে নিচ্ছেন এই স্প্যানিশ কোচ।

“আজকের ম্যাচের ফলাফল মূলত দুটি দেশের মধ্যে। একটি দেশ হলো ভারত, যারা গত এক বছর ধরে অত্যন্ত কঠোর পরিশ্রম করে আসছে। অন্যটি বাংলাদেশ, তারাও কঠোর পরিশ্রম করছে; তবে অন্য একটি স্তরে। স্বাভাবিকভাবেই, আমাদের শারীরিক অবস্থা এবং হ্যান্ডবলের দক্ষতা কম, যা মাঠের খেলাতেও প্রতিফলিত হয়। তবে আমাদের লক্ষ্য আগামী মাস বা বছরগুলোতে উন্নতি করা এবং আরও ভালো করা, যাতে আমরা ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।”