২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ৩০০ বিক্রয়কেন্দ্রে বিক্রি হচ্ছে ওয়ালটনের ফ্রিজ

ওয়ালটন জানিয়েছে, প্রাথমিকভাবে ভারতে ৩০০টি আউটলেটে বিক্রি হচ্ছে ফ্রিজ। পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়ানো হবে।

ভারতের ৩০০ বিক্রয়কেন্দ্রে বিক্রি হচ্ছে ওয়ালটনের ফ্রিজ

ভারতের উত্তর চব্বিশ পরগণার কাঁচরাপাড়া শহরে ওয়ালটন ফ্রিজের শোরুম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 09:08 PM

Updated : 10 Dec 2023, 09:16 PM

দেশের গণ্ডি পেরিয়ে এবার প্রতিবেশী দেশ ভারতের ৩০০ আউটলেটে বিক্রি হচ্ছে ওয়ালটনের ফ্রিজ।

রোববার ওয়ালটনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশটিতে এতদিন ‘অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার’ (ওইএম) হিসেবে ওয়ালটনের ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করা হত। এবার ওইএম এর পাশাপাশি নিজস্ব ব্র্যান্ড লোগোতেও ফ্রিজ রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রাথমিকভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে প্রায় ৩০০টি আউটলেটে বিক্রয় হচ্ছে ওয়ালটন ফ্রিজ। পর্যায়ক্রমে আউটলেটের সংখ্যা আরও বাড়ানো হবে।

“ফ্রিজের পাশাপাশি এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রিক্যাল পণ্যও ওয়ালটন ব্র্যান্ড লোগোতে রপ্তানির পরিকল্পনা রয়েছে।”

ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তোফায়েল আহমেদ বলেন, “বিশ্ববাজারেও শক্তিশালী অবস্থান তৈরি করতে চায় ওয়ালটন। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার মত উন্নত দেশগুলোর বাজারে ওইএম এর পাশাপাশি ওয়ালটনের নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে কাজ করছি আমরা।

“বাংলাদেশের মত ভারতের বাজারেও শীর্ষস্থানে পৌঁছাতে শক্তিশালী বিক্রয়, বিপণন ও বিক্রয়োত্তর সেবার ফ্যাসিলিটি গড়ে তুলেছি।”

ভারতে কয়েক বছর ধরে ওয়ালটন ওইএম এর আওতায় বছরে ১ কোটি ১০ লাখ ডলারের ফ্রিজ রপ্তানি করে আসছে জানিয়ে তিনি বলেন, “রপ্তানিকৃত ফ্রিজের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার, দীর্ঘস্থায়িত্ব এবং উচ্চ গুণগতমান অল্প সময়ে ভারতের ক্রেতাদের আস্থা অর্জন করেছে। বৈশ্বিক বাজারে ওয়ালটন ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে এক বিশাল মাইলফলক।”

ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ বলেন, “ভারতে বছরে ১ কোটি ৪০ লাখ ইউটিন ফ্রিজের চাহিদা রয়েছে। দেশটিতে ওয়ালটনের ব্র্যান্ড লোগোতে ফ্রিজ বিক্রয় ও বিপণন শুরুর মধ্য দিয়ে বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি খাতে সম্ভাবনাময় এক বিশাল বাজারের দ্বার উন্মোচিত হল।

“বাংলাদেশের মত ভারতেও আমরা মার্কেট লিডার হওয়ার টার্গেট নিয়েছি। এই লক্ষ্য অর্জনে দেশটিতে ব্যাপক ব্র্যান্ডিং কার্যক্রম চালাতে প্রস্তুত করা হয়েছে দক্ষ মার্কেটিং টিম। ইতোমধ্যে Walton.in নামে ওয়েবসাইট চালু করা হয়েছে।”