বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাই কমিশনারের সাক্ষাৎ
যেসব পণ্য ইইউ এবং যুক্তরাজ্য থেকে বাংলাদেশ আমদানি করে, সেসব পণ্য কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে বাংলাদেশে উৎপাদনের জানিয়েছেন প্রতিমন্ত্রী।
যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক সোমবার বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার সচিবালয়ে এসে তারা পৃথকভাবে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাণিজ্য প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে সেখানে বলা হয়, বাংলাদেশ রপ্তানি বহুমুখীকরণে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট ও পাটজাত এবং চামড়া চামড়াজাত পণ্য খাতকে এগিয়ে নিতে নির্দেশনা দিয়েছেন। হস্তশিল্পকে তিনি ২০২৪ সালের বর্ষপণ্য ঘোষণা করেছেন।
এ সব খাতে বিনিয়োগের জন্য ইইউ এবং যুক্তরাজ্যের প্রতি আহবান জানান প্রতিমন্ত্রী। যেসব পণ্য ইইউ এবং যুক্তরাজ্য থেকে বাংলাদেশ আমদানি করে, সেসব পণ্য কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে বাংলাদেশে উৎপাদনেরও আহবান তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশে অবস্থিত সব মিশনের প্রধান এবং ট্রেড/কমার্শিয়াল কাউন্সিলরদের নিয়ে পরিদর্শনের পরিকল্পনা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। তাতে বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডিং করা সম্ভব হবে বলে মনে করেন প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের আকর্ষণীয় স্থান হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে। অনেক দেশ বাংলাদেশে নির্মাণাধীন ১০০ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করছে। অর্থনৈতিক অঞ্চল ছাড়াও শিল্প কলকারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।
সারাহ কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। বর্তমানে উভয় দেশের চমৎকার সম্পর্ক বিরাজ করছে।
দক্ষ জনবল তৈরি করার লক্ষ্যে উচ্চ শিক্ষা ও স্বাস্থ্য খাতে, বিশেষ করে ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ারসহ পেশাদারি খাতে সার্টিফিকেশন ও অ্যাক্রিডিটেশন সমতায়নে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন হাই কমিশনার ।
