১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কালিয়াকৈরে নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান

অভিযানে বেশ কয়েকটি ব্র্যান্ডের নকল সিগারেট ও কাঁচামাল পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 08:22 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

গাজীপুরের কালিয়াকৈর এলাকায় নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান চালিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

অভিযানে লাকি স্ট্রাইক, ডার্বি ও র‌য়্যালস ব্র্যান্ডের ‘নকল’ সিগারেটের পাশাপাশি ‘প্রসেসড টোব্যাকো’ এবং সিগারেট তৈরির কাঁচামাল ‘অ্যাসিটেট টো’ পাওয়া যায়।

সোমবারের এ অভিযানের তথ্য দিয়ে সিআইআইডি বলছে, “উদ্ধারকৃত সিগারেটের প্যাকেটে কোনো রাজস্ব স্ট্যাম্প বা ব্যান্ডরোল পাওয়া যায়নি। ফলে এসব সিগারেটের অবৈধ উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

অভিযান র‌্যাব-১ এর সদস্যরা সহায়তা করেন। 

এর আগে কালিয়াকৈর উপজেলার পাঁচগাছী এলাকায় অবস্থিত শামস টোব্যাকোর বিরুদ্ধে ব্যান্ডরোলবিহীন বা নকল ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগ পাওয়া যায়।

তবে অভিযানে উদ্ধারকৃত নকল সিগারেট, প্রসেসড টোব্যাকো ও অ্যাসিটেট টোর সঙ্গে শামস টোব্যাকোর সম্পৃক্ততা এখনও চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে সিআইআইডির ভাষ্য।

অধিদপ্তরটি বলছে, এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে। উদ্ধারকৃত পণ্যের উৎস, উৎপাদন ও সরবরাহ-শৃঙ্খল, কাঁচামাল সংগ্রহের উৎস, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা এবং সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ যাচাই শেষে প্রকৃত দায়-দায়িত্ব নিরূপণ করা হবে।