ময়লার পাত্র হয়ে উঠল নান্দনিক চিত্রকর্মের ক্যানভাস
পুনর্ব্যাবহারযোগ্য পাত্রের মাধ্যমে ঢাকার বাসিন্দাদের কাছ থেকে বর্জ্য সংগ্রহ করা হবে রিসাইকেল করার জন্য।
কেউ এঁকেছে পাহাড়ের ওপারে ভেসে ওঠা প্রখর সূর্য, কারও চিত্রে নদীর ওপারে দিগন্ত রেখায় উঁকি দেওয়া সূর্য; কেউ এঁকেছে ফুল-ফল-পাখি কিংবা ফিলিস্তিনের পতাকাও। কাগজ কিংবা বোর্ড নয়, এসব ছবির ক্যানভাস একেকটি ময়লার পাত্র।
বিজয় দিবস সামনে রেখে ব্যতিক্রমী এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা গারবেজম্যান ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
শুক্রবার এশিয়ান পেইন্টসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কয়েকদিন আগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে ‘বিন্টাস্টিক আর্ট জ্যাম’ নামে ওই প্রতিযোগিতায় অংশ নেয় জাগো ফাউন্ডেশন স্কুলের শিক্ষার্থীরা। ‘স্মার্ট ক্লিন, ক্লিন সোসাইটি’ ক্যাম্পেইনের অংশ হিসাবে এই উদ্যোগে সম্পৃক্ত হয় এশিয়ান পেইন্টস।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ সচেতনতায় শিশুদের সম্পৃক্ত করতে এবং নগরীর বাসিন্দাদের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির আচরণগত পরিবর্তন আনার লক্ষ্যে নিয়ে ছিল এ আয়োজন। পুনর্ব্যাবহারযোগ্য এসব পাত্রের মাধ্যমে ঢাকার বাসিন্দাদের কাছ থেকে বর্জ্য সংগ্রহ করা হবে রিসাইকেল করার জন্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়ান পেইন্টস’র রঙ দিয়ে আঁকা আবর্জনা ফেলার পাত্র বা বিনগুলো চাহিদা অনুযায়ী নগরীর বিভিন্ন বাসিন্দার কাছে পৌঁছে দিয়েছে গারবেজম্যান।
‘স্মার্ট ক্লিন, ক্লিন সোসাইটি’ ক্যাম্পেইনের অংশ হিসাবে এর আগে ঢাকা শহরের বিভিন্ন এলাকা, লেক পরিষ্কার এবং রঙ করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে এশিয়ান পেইন্টস।
