১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গ্রামীণফোনের নেটওয়ার্ক বিঘ্নিত, গ্রাহকের ভোগান্তি

কোথাও কোথাও ভয়েস কলে কথা বলা গেলেও ইন্টারনেট চলেনি। কোথাও আবার ভয়েস কলেও সমস্যা হয়েছে বলে গ্রাহকরা জানাচ্ছেন।

গ্রামীণফোনের নেটওয়ার্ক বিঘ্নিত, গ্রাহকের ভোগান্তি
আনিসুর রহমান আনিস নামের এক ব্যবহারকারী ফেইসবুকে শেয়ার করেছেন তার মোবাইল স্ক্রিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2025, 06:56 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

নেটওয়ার্কে জটিলতার কারণে বুধবার ফোনে কথা বলতে এবং ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়েছেন দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের গ্রাহকরা।

কোনো কোনো জায়গায় ভয়েস কলে কথা বলা গেলেও ইন্টারনেট চলেনি। কোথাও আবার ভয়েস কলেও সমস্যা হয়েছে বলে গ্রাহকরা জানাচ্ছেন। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিকাল সাড়ে ৫টার দিকে গ্রামীণফোনের তরফে বলা হয়, “কিছু কারিগরি সমস্যার কারণে আমাদের গ্রাহকরা কিছু সময়ের জন্য নেটওয়ার্ক সেবা পেতে দুর্ভোগে পড়েন। আমাদের কারিগরি দল ইতোমধ্যে দ্রুততার সঙ্গে সমস্যাটির সমাধান করেছে। সাময়িক এই বিঘ্নের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসেব অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল আট কোটি ৪৯ লাখ। গ্রাহকদের অনেকেই ফেইসবুকের বিভিন্ন গ্রুপে গ্রামীণফোনের নেটওয়ার্কে সমস্যার কথা লিখেছেন। 

মোবাইল অপারেটরস কমিউনিটি নামের একটি ফেইসবুক গ্রুপে গ্রামীণফোনের নেটওয়ার্ক সেবা না পাওয়ার বিষয়ে লিখেছেনঅনেক। এরকম একটি পোস্টের নিচে বিকেল ৫টার দিকে আর এম রায়হান মিথিলা নামে একজন লিখেছেন, “জিপি নেটওয়ার্ক তো অফ।”

ইমরান আলী নামে আরেকজন লিখেছেন, “সকাল থেকেই থ্রিজি কানেকশন হয়ে আছে। ইন্টারনেট চালু হয় না।”

তার পোস্টের নিচে ফুয়াদ সৈকত নামে একজন আবার লিখেছেন, “আমি ব্রাহ্মণবাড়িয়াতে টানা চালাচ্ছি, নো ইস্যু।”

ফজলে রাব্বী সরকার লিখেছেন, “একটু পরপর নেটওয়ার্ক চলে যাচ্ছে। ডেটা অন করলে নো সিগন্যাল আসছে।”

মো. বেলাল হোসাইন লিখেছেন, “কিছুক্ষণ আগে আমারো এমন হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে।” 

ওই পোস্টের নিচে অনেকেই নিজের ফোনের হোমস্ক্রিনের স্ক্রিনশট শেয়ার করে বলেছেন, কোনো নেটওয়ার্কই দেখাচ্ছে না।