২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশের মাসিক সঞ্চয় সেবার আওতায় ৩ লাখ নারী

কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া ঘরে বসে বিকাশ অ্যাপের মাধ্যমে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মেয়াদে সঞ্চয় সেবা গ্রহণ করছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 09:21 PM

Updated : 13 Jul 2023, 09:21 PM

নিজের ও পরিবারের আর্থিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে এখন পর্যন্ত বিকাশ অ্যাপ থেকে মাসিক সঞ্চয় সেবা নিয়েছেন তিন লাখের বেশি নারী।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, বর্তমানে বিকাশ অ্যাপের সেভিংস সেবার মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের মাসিক সঞ্চয় সেবা নিতে পারছেন তারা।

মাসিক ৫০০, এক হাজার, দুই হাজার ও তিন হাজার টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই বছর থেকে শুরু করে সর্বোচ্চ চার বছর মেয়াদে মাসিক সঞ্চয় সেবা নেওয়ার সুযোগ রয়েছে।

এতে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া ঘরে বসেই এসব আর্থিক প্রতিষ্ঠান থেকে তারা বিভিন্ন মেয়াদের সঞ্চয় সেবা গ্রহণ করতে পারছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, ভবিষ্যতের নিরাপত্তা, সন্তানের লেখাপড়া, ছোট-বড় ব্যবসায়িক উদ্যোগ, ভ্রমণ, চিকিৎসা, অনুদানসহ ব্যক্তিগত ও সামাজিক প্রয়োজনে সঞ্চয়ের জন্য নারীরা এই ধরনের ছোট অংকের সঞ্চয় স্কিম বেছে নিয়েছেন।

এক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে, ঢাকা জমা, সঞ্চয়ের মেয়াদ উত্তীর্ণ হলে বা ম্যাচিউরড হয়ে যাওয়ার পর মুনাফাসহ সম্পূর্ণ টাকা বিকাশ অ্যাপেই আনতে পারছেন গ্রাহকরা।

এমনকি সঞ্চয়ের যেকোনো পর্যায়ে টাকা তুলে নিতে চাইলে তাও বিকাশ অ্যাপের মাধ্যমেই করা করতে পারবেন তারা।

প্রতি মাসে টাকা জমার তারিখের আগে অ্যাপে টাকা রাখার নোটিফিকেশন পান গ্রাহক। আবার কত টাকা জমেছে, কতটুকু লাভ পাচ্ছেন তার লাইভ তথ্যও দেখে নিতে পারেন যখন ইচ্ছে। মুনাফাসহ সঞ্চয়ের টাকা ক্যাশ আউট করতে গ্রাহকের কোন খরচও নেই।