২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলার প্রস্তুতি সম্পন্ন, পর্দা উঠছে রোববার

ঢাকার কুড়িল থেকে বিআরটিসির বাসে করে ৩৫ টাকায় যাওয়া যাবে মেলাস্থলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2022, 09:48 PM

Updated : 27 Dec 2022, 09:48 PM

দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের কর্মযজ্ঞের মধ্যেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

খ্রিস্টিয় বছরের প্রথম দিন আগামী রোববার সকাল ১০টায় পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এ মেলা শুরু হবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি।

১৯৯৫ সালে শুরুর পর থেকে ঢাকার শেরেবাংলা নগরে উন্মুক্ত মাঠে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন হয়ে আসছিল। কিন্তু মেলাকে ঘিরে ওই এলাকায় ব্যাপক যানজটের কথা বিবেচনায় নিয়ে পূর্বাচলে মেলা আয়োজনের জন্য স্থায়ী অবকাঠামো নির্মাণ করেছে ইপিবি। গেল বছরের মেলাও আয়োজন করা হয়েছিল পূর্বাচলের ওই প্রদর্শনী কেন্দ্রে।

কুড়িল বিশ্বরোড থেকে ১৪ কিলোমিটার দূরে শহরতলীর ওই প্রদর্শনী কেন্দ্রে যেতে গত বছর বিআরটিসির বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছিল। এবারও একই ধরনের বাস বার্ভিস থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ইপিবির সচিব ইফতিখার আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১ জানুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন। মেলা উপলক্ষে কুড়িল থেকে মেলা পর্যন্ত বিআরটিসির ৫০টি শাটল বাস থাববে। জনপ্রতি ভাড়া ধরা হয়েছে ৩৫ টাকা।

ইপিবি থেকে জানা গেছে, এবারের মেলায় ৩৩১টি স্টল ও প্যাভিলিয়ন বসছে। এর মধ্যে ১০টি দেশের ১৭টি স্টল রয়েছে। বিস্তৃর্ণ গাড়ি পার্কিং ব্যবস্থা ছাড়াও বিভিন্ন স্থানে দর্শনার্থীদের ক্লান্তি কাটানোর ব্যবস্থা থাকবে। এছাড়া শিশুদের জন্য বিভিন্ন মনোমুগ্ধকর রাইডের শিশুপার্ক রাখা হয়েছে।

গত বছরের মতো এবারও মেলার প্রবেশ মূল্য ৪০ টাকা; শিশুদের জন্য ২০ টাকা।