১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে ‘প্যাকেজ প্রস্তাব’ দেবে বাংলাদেশ: অর্থ উপদেষ্টা

মার্কিন শুল্ক থেকে রক্ষা পেতে সবশেষ বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার ঘোষণাও এসেছে সরকারের তরফে।

যুক্তরাষ্ট্রকে ‘প্যাকেজ প্রস্তাব’ দেবে বাংলাদেশ: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 04:40 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

বাংলাদেশি পণ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন, তা থেকে মুক্তি পেতে যুক্তরাষ্ট্রকে ‘প্যাকেজ প্রস্তাব’ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘‘বাণিজ্য উপদেষ্টা গিয়েছেন প্যাকেজ নিয়ে; আরো কী কী কিনতে পারে, তা নিয়ে।’’

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।

মঙ্গলবার ও বুধবার যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষিতে বসবেন তারা। 

ট্রাম্প প্রশাসনের ৩৫ শতাংশ শুল্কের হাত থেকে রেহাই পেতে এরই মধ্যে ৬২৬টি মার্কিন পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। 

দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে টিসিবির গম ও সয়াবিন তেল কেনার সিদ্ধান্তও এসেছে। যুক্তরাষ্ট্র থেকে বেসরকারি খাতে তুলা আমদানি বাড়ানোর উদ্যোগও আছে। 

মার্কিন শুল্ক  থেকে রক্ষা পেতে সবশেষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার ঘোষণাও এসেছে অন্তর্বর্তী সরকারের তরফে। 

এর বাইরেও আরও কোনো উদ্যোগ আছে কিনা, সেই প্রসঙ্গে এক সাংবাদিক জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘‘আরো আছে, কী কী আছে, সেটা এখন আমি বলব না। তিনি ফিরে এলে তারপর বলব।”

এদিন ক্রয় কমিটির বৈঠকে চট্টগ্রামের পরিত্যক্ত ‘জলিল টেক্সটাইল মিলের’ প্রায় ৫৫ একর জমি লিজ দেওয়ার সিদ্ধান্ত হয়, যেটা সামরিক বাহিনী নিতে চায় বলে জানান উপদেষ্টা। 

তিনি বলেন, ‘‘তারা নিতে চেয়েছে (সেনাবাহিনী)। তবে আমরা প্রস্তাব দিয়েছি, প্রতীকী মূল্যে আর সরকারি জমি দেওয়া হবে না। 

“জমি নিতে চাইলে অর্থ দিয়ে নিতে হবে। কারণ প্রতীকী মূল্যে জমি দিলে এর যথাযথ ব্যবহার হয় না। অনেক ক্ষেত্রে ১০ একর জমির প্রয়োজন থাকলেও প্রতীকী মূল্যের কারণে ১০০ একর জমি দরকার বলে জানানো হয়।”

উপদেষ্টা বলেন, ‘‘আমরা অনুমোদন দিয়েছি বিক্রি করারা। এখন তারা (সেনাবাহিনী) প্রস্তাব দেবে, কত দামে নেবে।”

বৈঠকে সার কেনার পাশাপাশি স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।