০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কৃষি প্রতিবেদন: ‘ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড’ পাবেন সাংবাদিকরা

২০২৪ সালে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের উপর সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট, অনলাইন, টেলিভিশন- এই তিন শাখায় সাতজন সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 08:04 PM

Updated : 10 Sep 2026, 12:04 PM

দেশে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সম্মাননা দিতে প্রথমবারের মত শুরু হচ্ছে ‘ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড’।

মঙ্গলবার ঢাকার পুরানা পল্টনে ইকোনমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের উপর সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট, অনলাইন, টেলিভিশন- এই তিন শাখায় সাতজন সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হবে। 

আধুনিক কৃষি ও বাজারজাতকরণের টেকসই ব্যবস্থা, মানসম্মত কৃষিপণ্য উৎপাদন ও সমন্বিত কৃষি ব্যবস্থা, কৃষি ও কৃষকদের উন্নয়নে অ্যাগ্রো প্রসেসিং খাতের প্রসার, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান, কৃষি প্রক্রিয়াজাত খাতের সরবরাহ ব্যবস্থা, এ খাতের রপ্তানি, সমস্যা ও সম্ভাবনাসহ কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে করা প্রতিবেদনগুলো এ পুরস্কারের জন্য আবেদনের ক্ষেত্রে বিবেচিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ডসে আবেদনের সুযোগ পাবেন কেবল ইআরএফ সদস্যরা। আগামী ২ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত এই ফোরামের সাংবাদিকরা তাদের কৃষি নিয়ে করা তিনটি প্রতিবেদন জমা দিতে পারবেন। পরে পাঁচজন বিচারক সেখান থেকে সাতটি প্রতিবেদন নির্বাচিত করবেন। 

ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা বলেন, “এ খাতের উপর প্রতিবেদনে যেমন কৃষক উপকৃত হন, তেমনি দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীরাও উপকৃত হন, পাশাপাশি দেশের অর্থনীতি এগিয়ে যেতে ব্যাপক ভূমিকা রাখে।”

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “এ খাত সঠিক দিক নির্দেশনা পেলে দেশের অথনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারে ও পোশাক শিল্পের পর রপ্তানিতে বড় খাত হয়ে উঠতে পারে। এ খাতকে এগিয়ে নিতে সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”

অন্যদের মধ্যে ইআরএফ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম, সংগঠনটির কার্যনির্বাহী সদস্যরা ও প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের প্রধান তৌহিদুজ্জামানসহ গ্রুপের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।