জুন শেষে খেলাপি ঋণ বাড়ল ২৪.৭১%
খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৫৬ হাজার কোটি কোটি টাকা।
এক বছরের ব্যবধানে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বাড়ল প্রায় ৩১ হাজার কোটি টাকা বা ২৪ দশমিক ৭১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, এ বছরের জুন শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৫৬ হাজার কোটি ৩৯ কোটি টাকা।
এই সময়ে ব্যাংকিং খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৫ লাখ ৪২ হাজার ৬৫৫ কোটি টাকা, এ হিসেবে খেলাপির হার ১০ দশমিক ১১ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুন শেষে খেলাপি ঋণের স্থিতি ছিল ১ লাখ ২৫ হাজার ২৭৫ কোটি টাকা, খেলাপির হার ছিল ৮ দশমিক ৯৬ শতাংশ।
ব্যাংকিং খাতে খেলাপি হয়ে যাওয়া আদায় অযোগ্য ঋণকে তিন বছর পর অবলোপন (রাইট) করতে পারে ব্যাংক, যা খেলাপির তালিকায় না রেখে পৃথক খাতায় হিসাব রাখতে হয়। বর্তমানে অবলোপন করা ঋণের পরিমাণ ৫০ হাজার কোটি টাকার উপরে।
এর বাইরে আদালতের নিষেধাজ্ঞা, ঋণ পুনঃতফসিল, পুনর্গঠনসহ মেয়াদ বাড়িয়ে নেওয়ার কারণে খেলাপি হওয়া অনেক ঋণ নিয়মিত দেখানো হয়। এজন্য খেলাপি হওয়া এ ঋণের তথ্য প্রকৃত হিসাব নয়।
২০১৯ সালের মার্চে দেশে প্রথমবারের মত খেলাপি ঋণ ছয় অঙ্কের ঘর পেরিয়ে এক লাখ ১০ হাজার কোটি টাকা হয়েছিল।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
