২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন শিফটে উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া কয়লা খনি

শনিবার থেকে তিনটি শিফটে কাজ হচ্ছে, মঙ্গলবার উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৩৩১১ টনে।

তিন শিফটে উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া কয়লা খনি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 02:52 PM

Updated : 24 Aug 2022, 04:04 PM

প্রায় সাড়ে তিন মাস পর পুরোদমে কয়লা উপাদন শুরু হয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে, তাতে সেখানকার কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্রেও উৎপাদন বেড়েছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শনিবার থেকে উৎপাদন শুরু করেছি। তিন শিফটে পুরোদমে উৎপাদন চলছে এখন।”

গত ১ মে কয়লা খনির ১৩১০ ফেইজের কয়লা উত্তোলন শেষ হওয়ার মধ্য দিয়ে বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়।

২৭ জুলাই থেকে খনির নতুন কূপের ১৩০৬ ফেইজে পরীক্ষামূলক কয়লা উত্তোলন শুরু করা হয়। এর তিন দিনের মধ্যে খনির কর্মী ৭৭ জন চীনা নাগরিক কোভিড পজিটিভ হওয়ায় আবার উত্তোলন বন্ধ করা হয়।

এখন কয়লার জোগান বাড়ায় এই খনির ওপর নির্ভরশীল বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রেও উৎপাদন বেড়েছে। এ কয়েকমাস মজুদ কয়লা দিয়ে একটি ইউনিট চালু রাখা হলেও ১৫ অগাস্ট থেকে বিদ্যুৎ কেন্দ্রের আরো একটি ইউনিট চালু করা হয়েছে।

সব মিলিয়ে আগের চেয়ে উপাদন ১৩০ মেগাওয়াটের মত বেড়েছে বলে কেন্দ্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের ৫২৪ মেগাওয়াট স্থাপিত উৎপাদন ক্ষমতার বিপরীতে বর্তমান উৎপাদন ক্ষমতা ৪৪৪ মেগাওয়াট। কয়লা স্বল্পতার কারণে চালু একটি ইউনিট থেকে ২০০ মেগাওয়াটের আশেপাশে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল প্রতিদিন।

Image

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার বলেন, গত ৬ অগাস্ট থেকে এক শিফটে কয়লা উৎপাদন শুরু করা হয়।

তবে শনিবার থেকে তিনটি শিফটে উপাদন হচ্ছে জানিয়ে তিনি বলেন, শনিবার ২৭৩১ টন কয়লা তোলা হলেও মঙ্গলবার তা বেড়ে ৩৩১১ টনে দাঁড়ায়।

“আমরা পুরোদমে উৎপাদন শুরু করেছি, যা উৎপাদন হচ্ছে পুরোটাই বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছে।”

পিডিবির হিসাবে, বুধবার বড় পুকুরিয়ার দুটি ইউনিট থেকে ৩৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পূর্বাভাস রয়েছে। ৮৫ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রয়েছে।

তবে যে পরিমাণ কয়লা সরবরাহ করা হচ্ছে, তা যথেষ্ঠ নয় বলে মনে করেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী ওয়াজেদ আলী সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার এখন লাগছে ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টন। তবু সংকটের সময় স্টক থেকে সমন্বয় করে চালাচ্ছি। কয়লা উৎপাদন অনুযায়ী পরিকল্পনা করে আমরা বিদ্যুৎ কেন্দ্র চালাব।

“দুই ইউনিট চালানোর মত কয়লা পাওয়া যাবে। তিনটার জন্য প্রয়োজনীয় কয়লা আমরা কখনোই হয়ত পাব না। তিনটা চালাতে গেলে ৫ থেকে সাড়ে ৫ হাজার টন লাগবে।”

পুরনো খবর:

বড়পুকুরিয়ার কয়লা পেতে আরও ২ সপ্তাহ, বিদ্যুৎকেন্দ্র সঙ্কটে
বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ

স্বাভাবিক উৎপাদনের সময় খনি থেকে দৈনিক সর্বোচ্চ সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টন পর্যন্ত কয়লা তোলা হয়েছে। এ খনিতে ৩০০ চীনা এবং ৪০০ বাংলাদেশি কাজ করেন।

দেশের পাঁচটি কয়লা খনির মধ্যে একমাত্র বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন করা হয়। দেশের এ খনিতে মজুদের পরিমাণ অনুমানিক ৩৯ কোটি টন।

খনি থেকে এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখ টনের মত কয়লা তোলা হয়েছে বলে জানান সাইফুল।