২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও সুইস বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সুইজারল্যান্ড রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বেরসেট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 12:28 AM

Updated : 15 Jun 2023, 12:28 AM

নতুন বিনিয়োগের জন্য যথেষ্ট সুযোগ তৈরি করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আরও বিনিয়োগে সুইজার‌ল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বারসেটের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার প্যালেস ডি নেশনসের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বৈঠকের বিষয়ে ব্রিফ করেন বলে বাসস জানিয়েছেন।

এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে ব্যবসা-বাণিজ্য ভালো উল্লেখ করে মোমেন বলেন, “আমরা প্রায় এক বিলিয়ন ডলারের ব্যবসা করছি। আমরা সুইজারল্যান্ডে পণ্য রপ্তানি করছি। আমরা মূলত আরএমজি আইটেম রপ্তানি করছি।”

স্পিচ রাইটার নজরুল ইসলাম বলেন, শেখ হাসিনা সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট বেরসেটকে বলেছেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তাকে উদ্বাস্তু জীবনযাপন করতে হয়েছিল। তিনি বাংলাদেশে গণতন্ত্র, ভোট এবং খাদ্য লাভের অধিকার প্রতিষ্ঠার জন্য তার সংগ্রামের কথাও সংক্ষেপে বর্ণনা করেন।
“তিনি বলেন, আমি বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমার বাবার স্বপ্ন বাস্তবায়ন করছি।”

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রাধিকার হচ্ছে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে ফেরত পাঠানো। রোহিঙ্গারাও তাদের দেশে ফিরতে চায়। আমরা তাদের রাখতে পারি না। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। 
“তিনি বারসেটকে রোহিঙ্গাদের তাদের স্বদেশে পাঠানোর জন্য বাংলাদেশের প্রচেষ্টায় সহায়তা দেয়ার অনুরোধ জানান।”
প্রেসিডেন্ট বেরসেট বাংলাদেশকে আশ্বস্ত করেছেন তার দেশ রোহিঙ্গা ইস্যুতে সমর্থন অব্যাহত রাখবে।

এদিন হোটেলের সভা কক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গারা যাতে স্বদেশে ফিরে যেতে পারে সেজন্য মিয়ানমারে একটি অনুকূল পরিবেশ তৈরি করতে ইউএনএইচসিআরের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেখ হাসিনা বলেন, সম্প্রতি কিছু রোহিঙ্গা নিজ দেশে গিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করা উচিত।

জবাবে ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, তারা চেষ্টা করছেন। মিয়ানমারে তাদের প্রবেশাধিকার আছে, কিন্তু তাদের সীমাবদ্ধতা রয়েছে। আমরা মিয়ানমারের পরিবেশ উন্নত করার চেষ্টা করব।
রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে বাংলাদেশকে সমর্থন করার জন্য ইউএনএইচসিআরের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

পরে প্রিন্স রহিম আগা খান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।