বেতনের সঙ্গে এখন ভাতার ওপরও কর
এতদিন মূল বেতনের ওপর করের হিসাব হলেও নতুন বেতন কাঠামো হওয়ার পর ভাতার ক্ষেত্রেও কর দিতে হবে সরকারি কর্মকর্তাদের।
২০১৪-১৫ অর্থবছরের বাজেটে আগের মতোই করমুক্ত আয়ের সীমা ২ লাখ ২০ হাজার টাকা রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
যার অর্থ যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা মিলিয়ে বার্ষিক আয় এই অঙ্কের বেশি হবে, তাদের কর দিতে হবে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, “নতুন স্কেলে বেতন-ভাতা নির্ধারিত হওয়ার পর সব বেতন-ভাতার ওপর আয়কর আরোপের ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনের সঙ্গে পাওয়া ভাতার ওপর আয়কর নেয়া না হলেও স্বায়ত্তশাসিত খাতে নেয়া হয় বলে উল্লেখ করেন তিনি।
“এ অবস্থায় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীদের আয়কর সংক্রান্ত বিধানে সমতা আনায়ন করা প্রয়োজন বলে মনে করি।”
অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো আগামী অর্থবছর থেকেই পর্যায়ক্রমে কার্যকর হবে।
“দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে যথোপযুক্ত জীবনমান নিশ্চিত করার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ বেতন-ভাতা প্রদানের জন্য বেতন ও চাকরি কমিশন ২০১৩ গঠন করা হয়েছে। ডিসেম্বরের মধ্যে কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে।”
কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের সময়ই আয়কর নির্ধারণের ‘অসঙ্গতি’ দূর করা হবে বলে জানান মুহিত।
বাংলাদেশ ব্যাংক এবং সরকার মালিকানাধীন ব্যাংকগুলোর জন্যও স্বতন্ত্র বেতন কাঠামোও বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।
