করমুক্ত আয়সীমা বাড়ছে না
আগামী অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা আগের মতোই ২ লাখ ২০ হাজার টাকা রাখার প্রস্তাব করা হয়েছে।
এই প্রস্তাব পাস হলে যাদের বার্ষিক আয় ২ লাখ ২০ হাজার টাকার বেশি, তাদেরই আয়কর দিতে হবে। এর কম আয় হলে কর দিতে হবে না।
২০১৩-১৪ অর্থবছরের রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যের কথা জানালেও বৃহস্পতিবার সংসদে যে বাজেট আবুল মাল আবদুল মুহিত উপস্থাপন করেছেন, তাতে করমুক্ত আয়সীমা ২ লাখ ২০ হাজার টাকা রাখার প্রস্তাব করেন।
তবে নারী ও ৬৫ বছরোর্ধ্ব করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়িয়ে ২ লাখ ৭৫ হাজার টাকা, প্রতিবন্ধীদের ক্ষেত্রে অঙ্ক ৩ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়সীমা ২ লাখ ২০ হাজার টাকা ছিল, তা ৪ লাখ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ ধরে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
নতুন অর্থবছরের বাজেটের আকার দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা, যার মধ্যে ঘাটতি থাকছে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। ঘাটতির পরিমাণ জিডিপির ৫ শতাংশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থমন্ত্রী বিকাল সাড়ে ৩টায় সংসদ অধিবেশনে বাজেট উপস্থাপন শুরু করেছেন। এর আগে সংসদ ভবনে এক মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদিত হয়।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর প্রথম বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বেসরকারি বিনিয়োগ পরিস্থিতি উন্নতির চ্যালেঞ্জ গুরুত্ব পাচ্ছে বলে আগেই জানিয়েছিলেন মুহিত।
নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮২ হাজার কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ রাখা হয়েছে ৮০ হাজার ৩১৫ কোটি টাকা।
এ নিয়ে অষ্টমবারের মতো জাতীয় সংসদে বাজেট উত্থাপন করছেন মুহিত।
