২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধনীদের কর বাড়ানোর প্রস্তাব

করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখলেও ধনীদের ওপর কর বাড়াতে চাইছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 06:36 PM

Updated : 25 Apr 2022, 04:16 PM

যাদের বার্ষিক আয় ৪৪ লাখ ২০ হাজার টাকার বেশি, তাদের করহার ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব বৃহস্পতিবার সংসদে উত্থাপিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে করেছেন তিনি।

ধনীদের কর হার আগে ২৫ শতাংশ ছিল, আগামী ২৯ জুন অর্থমন্ত্রীর নতুন প্রস্তাবসহ এই বাজেট পাস হলে এই অঙ্ক ৩০ শতাংশ হবে।

ধনীদের করের হার বাড়ানোর পক্ষে অর্থমন্ত্রী সম্পদের ‘সুষম বণ্টন’ নিশ্চিত এবং ধনী-গরিবের ‘বৈষম্য হ্রাস’ করার উদ্দেশ্যকে যুক্তি দেখিয়েছেন।

“করের ন্যায্যতা ও প্রগতিশীলতার নীতি অনুসরণ করে উচ্চ আয় অর্জনকারী করদাতার ৪৪ লাখ ২০ হাজার টাকার অধিক আয়ের ওপর প্রযোজ্য করের হার ২৫ শতাংশের স্থলে ৩০ শতাংশ করার প্রস্তাব করছি।”

যাদের বার্ষিক আয় ২ লাখ ২০ হাজার টাকা, তাদের কোনো কর দিতে হবে না। এর বেশি যাদের আয়, তাদের আয় বাড়ার সঙ্গে সঙ্গে করের হারও বাড়বে।

পরবর্তী ৩ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর ১০ শতাংশ হারে কর দিতে হবে। আয় ৪ লাখ টাকা পর্যন্ত হলে করের হার ১৫ শতাংশ।

পরবর্তী ৫ লাখ টাকা আয়ের ক্ষেত্রে ২০ শতাংশ করের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। এর পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর ২৫ শতাংশ কর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এরপর মোট আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখলেও নারী ও ৬৫ বছরোর্ধ্ব করদাতাদের ক্ষেত্রে তা বাড়িয়ে ২ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব হয়েছে।

প্রতিবন্ধীদের ক্ষেত্রে অঙ্ক ৩ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়সীমা ২ লাখ ২০ হাজার টাকা ছিল, তা ৪ লাখ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

নতুন অর্থবছরের বাজেটের আকার দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা, যার মধ্যে ঘাটতি থাকছে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। ঘাটতির পরিমাণ জিডিপির ৫ শতাংশ।

আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ ধরেছেন মুহিত।