ভোগান্তির আরেক নাম ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
যারা গাজীপুর থেকে নিয়মিত ঢাকা এসে অফিস করেন তাদের জীবন দুর্বিসহ করে তুলছে ঢাকা-ময়মনসিংহ রোডের বেহাল অবস্থা। একদিকে ভাঙ্গা রাস্তা, অন্যদিকে বিআরটিএর কাজ চলছে। বৃষ্টির সময় পানি জমে কাদায় মাখামাখি হয় সড়ক। লোকজন যানজটে পড়লে একটু হেঁটে যাবে সে অবস্থাও থাকে না। আর যদি শুকিয়ে যায় তো ধুলোবালি উড়ে আরেক সমস্যা হয় চলাচলে।
মহাসড়কের সবচেয়ে বড় দুর্ভোগ যানজটে জনজীবন নাজেহাল হয়ে উঠেছে। বিশেষ করে টঙ্গীর ইষ্টেশন রোড এলাকাটি সকল যাত্রীদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ রোডটিতে ট্রাফিক সিগনাল অস্বাভাবিক রকমের দীর্ঘ হয়; যা কম পক্ষে আধা ঘন্টা তো হবেই। কখনো কখনো দুই-আড়াই ঘন্টা থেকে পাঁচ-ছয় ঘন্টাও স্থায়ী হয়। ফলে ঢাকাগামী অফিসমুখী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এর উপর আবার মহাসড়কের কাজ। কয়েকটি স্থানে চলছে বিআরটির স্টেশন ও সড়ক নির্মাণ এবং সংস্কার কাজ। প্রকল্পের আব্দুল্লাহপুর-টঙ্গী তুরাগ নদের ওপর নির্মাণ হচ্ছে বড় একটি সেতু।
টঙ্গী বাজারে গেলে দেখা যায় ছোট-বড় খানাখন্দ। একই অবস্থা টঙ্গী আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে। সেখান থেকে কিছু দূর গেলেই স্টেশন রোড। স্টেশন রোডের দুই পাশে ছোট-বড় খানাখন্দে বৃষ্টি হলে পানি জমে থাকে। চার-পাঁচ বছর ধরে সড়কের একই অবস্থা। সারা বছরই যানজটে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হচ্ছে। সড়কে কাজ চলার কারণে অবস্থা আরও খারাপ হয় পথচারী ও যাত্রীদের।
গত ১০ নভেম্বর বহু পুরাতন টঙ্গী ব্রিজের সংযোস্থলে গর্তের সৃষ্টি হয়। সর্তকতা অবলম্বন করে গর্তের উপর লোহার পাত দিয়ে ঢেকে দেওয়া হয়। ব্রিজে তাৎক্ষনিকভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে অফিসগামী যাত্রীদের পড়তে হয় অযাচিত অকল্পিত দীর্ঘ যানজটের মাঝে। পরদিন ১১ নভেম্বর মহাসড়কের যানবাহন বিকল্প পথ কামারপাড়া সড়ক দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় গাজীপুর থেকে ঢাকায় আসতে যেমন সময় লাগছিল তেমনি বাড়ছিল যাত্রীদের ভোগান্তিও। এসবের মধ্যে মাঝে মাঝে রাস্তা বন্ধ করে দেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ আর সার্জেন্ট।
এই সড়কের দুর্ভোগ লাঘবে কারো কোনো উদ্যোগ চোখ পড়ছে না। সড়ক ও যোগাযোগ মন্ত্রনালয়, বিআরটিএ আর গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ কী করছেন তা সাধারণ যাত্রী-পথচারী হিসেবে উপলব্ধি করতে পারছি না। কে দেবে পরিত্রাণ?
