২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক হামলার বিচার দাবি শাহবাগের সমাবেশে

সারাদেশে বিভিন্ন সময় হিন্দুদের ওপর হামলার ঘটনায় বিচারের পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বক্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 09:52 PM

Updated : 22 Jul 2022, 09:52 PM

নড়াইলসহ সারাদেশে বিভিন্ন সময় হিন্দুদের ওপর নির্যাতনসহ ঘরবাড়ি ও মন্দিরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বিচার দাবি করে বিক্ষোভ সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীদের কয়েকটি সংগঠন।

শুক্রবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘সম্মিলিত সনাতন পরিষদ’ এ সমাবেশের আয়োজন করে।

সম্মিলিত সনাতন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার আচার্য্য বলেন, “একের পর এক হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে, মন্দিরে অগ্নিসংযোগ, সহায়-সম্বল লুণ্ঠন করা হচ্ছে। আজ পর্যন্ত একটি ঘটনার বিচার হয়নি।”

এসসময় তিনি নাসিরনগর, রামু, শাল্লা, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, নারায়ণগঞ্জ এবং সম্প্রতি নড়াইলের ঘটনার উল্লেখ করে সেসবের বিচার হয়নি বলে দাবি করেন।

তিনি বলেন, “এই বিচারহীনতার সংস্কৃতি চলমান থাকার কারণে দুর্বৃত্তরা একের পর এক ঘটনা সংঘটিত করছে এবং বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে।”

হামলার বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রদীপ কুমার বলেন, “অন্ততপক্ষে আপনারা বিচার করুন, যাতে এদেশের সংখ্যালঘুরা নিরাপদে বাঁচতে পারে।

“একের এক এ ধরনের ঘটনা ঘটলে শান্তিপ্রিয় হিন্দু সম্প্রদায় কিন্তু হিংস্র হয়ে উঠবে। তখন তাদের শান্ত রাখার জন্য কোনো উপায় খুঁজে পাওয়া যাবে না।”

সমাবেশে বক্তারা সারাদেশে বিভিন্ন সময় হিন্দুদের ওপর হামলার ঘটনায় বিচারের পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, “আমরা আর কত মার খাব? আর কত সহ্য করা যায়? দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর পেছানো যাচ্ছে না।

“সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই, আমাদের সুরক্ষা দিন, সুরক্ষা আইন করুন। যারা আমাদের ওপর হামলা করেছে, বাড়িঘর লুটপাট করেছে, তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দিন। তারপর আমরা ঠাণ্ডা হব।”

নইলে সারা পৃথিবীর সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে ভবিষ্যতে আন্দোলনে নামার হুমকি দেন তিনি।

সমাবেশে ইসকন, বাংলাদেশ হিন্দু পরিষদ, জাতীয় হিন্দু মহাজোট, জাতীয় হিন্দু ফোরাম, সনাতন কল্যাণ জোট, জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি, জাগো হিন্দু পরিষদ, জাতীয় হিন্দু মহাসংঘ, বাংলাদেশ গীতা পরিষদসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।

সম্মিলিত সনাতন পরিষদের সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা শ্রীমৎ রুপানুগ গৌরদাস ব্রহ্মচারী, সহ-সভাপতি অ্যাডভোকেট ড. জে. কে পাল, অ্যাডভোকেট প্রবীর হালদার, অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র দাস, মতুয়া মহাসংঘের মহাসচিব শ্রী সাগর সাধু ঠাকুর বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে মোমবাতি জ্বালিয়ে সাম্প্রদায়িক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।