আবহাওয়ার ভিন্নতায় প্রকোপ বেড়েছে ডেঙ্গুর: স্থানীয় সরকারমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তাজুল ইসলাম।
আবহাওয়ার ভিন্নতার কারণে এ বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বলে ধারণা করছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
সোমবার জাতিসংঘ দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ধারণা প্রকাশ করেন মন্ত্রী।
তাজুল বলেন, “এই বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এখন থেমে থেমে বৃষ্টি হওয়ার ফলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি হচ্ছে। এইডিস মশা মোকাবিলা করতে আমাদের সচেতনতা বৃদ্ধির সাথে সাথে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখতে হবে।”
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ও কিছু মৃত্যুতে আমরা ব্যথিত।”
মন্ত্রী বলেন, “অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যাগ নেওয়া হচ্ছে। মশা মারার ঔষধ প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জাতিসংঘ দিবস উদযাপনের অংশ হিসাবে ঢাকা, সিলেট ও কক্সবাজারে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে কক্সবাজারের কর্মসূচি স্থগিত করার কথা জানিয়েছে ঢাকার জাতিসংঘ কার্যালয়।
সোমবার বৃষ্টি উপেক্ষা করে ঢাকার বিভিন্ন এলাকায় চলে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি। ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি স্কাউটস, জাতিসংঘ ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এই কার্যক্রমে অংশ নেন।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গুলশান-২ নম্বরের নগর ভবন, ইডেন কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ফুলবাড়িয়া, পুলিশ সদরদপ্তর ও মালিবাগ প্রভৃতি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বলেন, “জাতিসংঘ দিবস উদযাপনে স্থানীয় অংশীদারদের সাথে মিলিত হতে পেরে এবং অভিন্ন লক্ষ্য অর্জনে কাজ করতে পেরে আমরা আনন্দিত।
“বর্জ্য ব্যবস্থাপনার বিস্তৃত কার্যক্রমের বিবেচনায় আজ সকালের এই পরিচ্ছন্নতা কার্যক্রম খুবই ক্ষুদ্র প্রয়াস হলেও তা মানুষ থেকে মানুষে এবং সড়ক থেকে সড়কে ছড়িয়ে পড়তে পারে।”
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মো. মোজাম্মেল হক খান উপস্থিত ছিলেন।
