শবে কদরে বায়তুল মোকাররমে বিশেষ আলোচনা, মোনাজাত
এ রাতে জাতীয় মসজিদের মত দেশের অন্যান্য মসজিদেও এশা ও তারাবিহ নামাজ শেষে বিশেষ আলোচনা সভার আয়োজন থাকে।
শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাত কর্মসূচি জোহরের নামাজের পর থেকে শুরু হয়েছে।
মঙ্গলবার শবে কদরের ফজিলত ও তাৎপর্য নিয়েও আলোচনা ও মাহফিল হচ্ছে সেখানে। রাতভর ইবাদত শেষে ফজরের নামাজের পর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সেখানে মুসলমানদের পবিত্র এ রজনীর কর্মসূচির সমাপ্তি হবে বলে ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রমজানের শেষ ১০ দিনের বিজোড় সংখ্যার রাতগুলোর একটি ‘মহিমান্বিত রাত’ বলে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ (সা.) জানিয়ে গিয়েছিলেন।
এ রাতেই কোরআন শরিফ নাজিল হয়েছে বলে মুসলমানদের কাছে এটি অতি মহিমান্বিত একটি রাত। এ রাতে তারা ইবাদত-বন্দেগির মাধ্যমে সময় অতিবাহিত করেন।
সেই শবে কদরের রাত কবে, তা নিশ্চিত করে না হলেও ইসলামী অনেক চিন্তাবিদ ২৭ রমজানের রাতটিই শবে কদরের সেই রাত হিসেবে ধরে নেন। এই ধারণার পেছনে একটি ব্যাখ্যাও দাঁড় করানো হয়। তা হল, মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআনে লাইলাতুল কদর শব্দটি তিনবার রয়েছে, এতে অক্ষর রয়েছে ৯টি, তিনবারে মোট ২৭টি অক্ষর। এটা শবে কদরের রাত নির্ধারণের এক ধরনের ইঙ্গিত বলে তারা মনে করেন।
বাংলাদেশে অধিকাংশ মুসলমান ২৬ রমজান শেষে ২৭ রমজানের রাতটিতে লাইলাতুল কদর বা শবে কদর হিসেবে পালন করে থাকেন।
এ রাতে জাতীয় মসজিদের মত দেশের অন্যান্য মসজিদেও এশা ও তারাবিহ নামাজ শেষে বিশেষ আলোচনা সভার আয়োজন থাকে।
