রোহিঙ্গা প্রত্যাবাসনে শ্রীলঙ্কার সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার কামনা করেছেন শেখ হাসিনা।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে শ্রীলঙ্কার সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে গণভবনে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি সৌজন্য সাক্ষাত করতে এলে সরকার প্রধান এ সমর্থন চান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনার সময় শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের দীর্ঘায়িত উপস্থিতি বাংলাদেশ ও সমগ্র অঞ্চলের সামগ্রিক আর্থ-সামাজিক-অর্থনীতি, পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।
আলি সাবরি চলমান ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সফর করছেন।
এজন্য প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান, পাশাপাশি দেশটির দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার কামনা করেন।
শেখ হাসিনা কোভিড-১৯ মহামারী এবং আঞ্চলিক অর্থনীতিতে এর প্রভাব নিয়েও আলোচনা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ক্যারিশম্যাটিক নেতৃত্বের’ প্রশংসা করেন। সেই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়ন ও স্থিতিশীলতারও প্রশংসা করেন।
শ্রীলঙ্কানরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী উল্লেখ করে আলী সাবরি তার দেশে বিনিয়োগ করার জন্যও বাংলাদেশকে আমন্ত্রণ জানান।
