১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আড়াই বছরের শিশু হত্যায় প্রতিবেশীর আমৃত্যু কারাদণ্ড

রায় ঘোষণার পর আসামি নাহিদ হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 06:56 PM

Updated : 22 Jun 2023, 07:08 PM

ঢাকার গেণ্ডারিয়ায় আড়াই বছরের শিশুকে হত্যার দায়ে একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন।

কারাদণ্ডের পাশাপাশি আসামি জান্নাতুল ওয়াইশ ওরফে নাহিদ হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে পিপি মো. সালাহউদ্দিন হাওলাদার জানান।

রায় ঘোষণার সময় আসামি নাহিদ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়

রায়ের বরাতে পিপি মো. সালাহউদ্দিন হাওলাদার জানান, দীননাথ সেন রোডের টিনশেডের বস্তিতে মা-বাবা ও তিন বোনের সঙ্গে থাকত আড়াই বছরের ওই শিশু। ২০১৯ সালের ৫ জানুয়ারি বাসায় গ্যাস সংযোগ না থাকায় বিকালে শিশুটির মা পাশের বাসায় রান্না করতে যান। তখন সে একা ছিল।

বাসায় ফিরে শিশুটি দেখতে না পেয়ে আশপাশে খোঁজ নেওয়া নেন তার মা; সন্ধ্যায় বাসার পাশের গলিতে ময়লার ট্রলির কাছে রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায়।

পরে দ্রুত তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিযে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ৭ জানুয়ারি শিশুটির বাবা গেণ্ডারিয়া থানায় মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, প্রতিবেশী নাহিদ তার কন্যা শিশুকে ধর্ষণের পর তিনতলা থেকে নিচে ফেলে হত্যা করেছেন।

মামলার পর নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই বছরের ১১ অক্টোবর পিবিআইয়ের উপপুলিশ পরিদর্শক সাদেকুর রহমান নাহিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

পরের বছরের ২৭ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিচার শুরু হয়। ২৩ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য নিয়ে আদালত এই রায় দিল।