শহীদ বদির বাড়িতে হামলার নিন্দায় ৫০ নাগরিক
হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
মুক্তিযুদ্ধে পাকবাহিনীর হাতে শহীদ হওয়া বীর বিক্রম বদিউল আলমের পৈত্রিকবাড়িতে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের ৫০ বিশিষ্ট নাগরিক।
গত ২৭ অক্টোবর ঢাকার মণিপুরীপাড়ায় বদি ভিলায় এ হামলার ঘটনা ঘটে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “রাজধানীর মনিপুরীপাড়ায় ৫৭ নম্বর বাড়িটিতে গত বৃহস্পতিবার রাতে হামলা চালায় একদল সন্ত্রাসী। তারা লাঠিসোটা দিয়ে বাড়ির গেটে ক্রমাগত আঘাত করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির চারটি ফ্লোরে বসবাসরত লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। সন্ত্রাসীরা বদির পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করে এবং হুমকি দেয়।”
বদি ভিলার নিরাপত্তা ঝুঁকিতে ফেলে পাশের প্লটে নিয়মবহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণকাজ চালানোর বিষয়ে রাজউক ও আদালতে অভিযোগ করায় ওই হামলা চালানো হয় বিলে দাবি করা হয় বিবৃতিতে।
এতে বলা হয়, হামলার সময় বদির পরিবারের সদস্যরা তেজগাঁও থানায় পরপর তিনবার এবং ৯৯৯-এ ফোন করেন। কিন্তু পুলিশ কোনো সাড়া দেয়নি।
“একপর্যায়ে বাড়ির ছাদ থেকে ভিডিও করার বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা হুমকি দিতে দিতে চলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হামলার সমালোচনা হওয়ায় এখন ভিন্ন কৌশলে হেনস্তা করার অপতৎপরতা শুরু করেছে প্রভাবশালী একটি মহল। এই অপতৎপরতার অংশ হিসেবে এরইমধ্যে বদি ভিলার ঠিকানা এবং শহীদ বদিউল আলম স্মৃতি সংঘের নাম ব্যবহার করে একটি ব্যানার টানানো হয়েছে ডেভেলপার প্রতিষ্ঠানের সাইনবোর্ডের উপর।”
বিবৃতিতে এ ‘অপতৎপরতা’ ও পুলিশি ‘নিষ্ক্রিয়তার’ নিন্দা এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি কামাল পাশা চৌধুরীর পাঠানো বিবৃতিতে স্বাক্ষর করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবেদ খান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা মহিবুল ইসলাম ইদু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ, মাহমুদ সেলিম, কাওসার চৌধুরী, ঝুনা চৌধুরী, কামাল পাশা চৌধুরী, রতন সিদ্দিকী, আহকাম উল্লাহ, সঙ্গীতা ইমাম, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেইন, সাংবাদিক জাহিদ রেজা নূর, আজাদুর রহমান চন্দন, প্রবীর সিকদার, আজিজুল পারভেজ, সাবেক ছাত্রেনতা খান আসাদুজ্জামান মাসুম।
বদিউল আলমের ছোট ভাই সাইফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের বাড়িতে হামলার ঘটনার সময় ৩ বার ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। কিন্তু পুলিশ আসে নাই। পরে আমাদের মনে হয়েছে, এটা পরিকল্পিত হামলা। অনেক পরিকল্পনা করেই হামলাটা হয়েছে৷ নইলে মণিপুরীপাড়ার মতো জায়গায় এভাবে বাড়িতে হামলা করা সহজ নয়।”
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বাড়ির পাশে একটি বাড়ি নির্মাণের বিষয়টি তারা অবগত আছেন। বাড়িটি নিয়মবহির্ভূতভাবে নির্মাণ হচ্ছে- এমন অভিযোগ আসলে সেখানে পুলিশও পাঠানো হয়।
“তবে নিয়মবহির্ভূতভাবে হচ্ছে কি না বিষয়টি রাজউক দেখভাল করে থাকে, তাদের সেখানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশের কোনো সহযোগিতা লাগলে দেওয়া হবে।”
বৃহস্পতিবারের হামলার বিষয়ে তিনি বলেন, “এ ব্যাপারে পুলিশের কাছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। কোনো অভিযোগ থাকলে পুলিশ ব্যবস্থা নিয়ে থাকে।”
হামলার পর পুলিশের সহযোগিতা নিতে থানায় গিয়েছিলেন কি না, এ প্রশ্নের উত্তরে সাইফুল বলেন, “আমরা আসলে থানায় যেতেও ভয় পাচ্ছি।"
