ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয়ের পর বিচার না করে চিহ্নিত যুদ্ধাপরাধীদের ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
সোমবার বিকালে এক আলোচনা সভায় বিএনপি নেতা মাহবুব বলেন, "বিজয়ের পূর্বমুহূর্তে আমাদের বুদ্ধিজীবীদের অপহরণ করে নিমর্মভাবে হত্যা করা হয়েছে। ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যুদ্ধাপরাধ ট্রাইবুনাল এ্যাক্ট করা হয়েছিলো। কিন্ত সেই বিচার করা হয়নি। তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
"আমরা জানতে চাই কারা ওই চিহ্নিতদের যুদ্ধাপরাধীদের বিচার না করে পাকিস্তানের কাছে ফিরিয়ে দিয়েছিলো।"
বিকালে মহানগর নাট্যমঞ্চে মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে বিএনপি সমর্থক বুদ্ধিজীবীরা অংশ নেন।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলের দুইদিনের কর্মসূচিতে মঙ্গলবার সকালে মীরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে নেতা-কর্মীরা পুস্পস্তবক অপর্ণ করার কথা রয়েছে।
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জমান মিঞা, অধ্যাপক মাহবুবউল্লাহ, শীর্ষ ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ ও প্রকৌশলী আনহ আখতার হুসেন বক্তব্য দেন।
আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, সহসভাপতি সেলিমা রহমান, সাংগঠনিক এম ইলিয়াস আলী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।
সম্মিলিত পেশাজীবী পরিষদ : দুপরে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী পরিষদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি গাজী রুহুল আমিনের সভাপতিত্বে এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সাবেক উপউপাচার্য আফম ইউসুফ হায়দার, ডা. গাজী আবদুল হক, চাষী নজরুল ইসলাম, অধ্যাপক আখতার হোসেন খান, সাংবাদিক আমান উল্লাহ কবির, আউয়াল ঠাকুর, বাকির হোসাইন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯২৩ ঘ.
bdnews24