০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সেগুনবাগিচায় দখলমুক্ত ফুটপাতের দেয়ালে শোভা পাচ্ছে ১০ গুণীর গ্রাফিতি

দখলমুক্ত ফুটপাতে নতুন ডাস্টবিন ও বিশ্রামের বেঞ্চও বসানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 12:01 AM

Updated : 06 Oct 2026, 12:01 AM

রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে নতুন রূপে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পাশাপাশি সড়ক ও ফুটপাত পুনরায় দখল করলে হকারদের মালামাল বাজেয়াপ্ত আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে এলাকাটিতে মৎস ভবনের দিকে যেতে শিল্পকলা একাডেমির সীমানা প্রাচীরের উল্টো পাশে দখলমুক্ত ফুটপাতে নতুন ডাস্টবিন ও বিশ্রামের বেঞ্চও বসানো হয়েছে। ফুটপাতের পাশের দেয়ালে আঁকা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সাধক ফকির লালন শাহ, শিল্পাচার্য জয়নুল আবেদিন, প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, গুণী অভিনেতা হুমায়ুন ফরিদীসহ ১০ জন গুণী ব্যক্তিত্বের গ্রাফিতি।

সেগুনবাগিচায় সোমবার সকালে উদ্ধার করা ফুটপাতের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, “রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। হকারদের জন্য নির্ধারিত বিকল্প স্থান রয়েছে, তাদের সেখানেই ব্যবসা করতে হবে। উচ্ছেদের পর কেউ পুনরায় নিষিদ্ধ স্থানে বসলে মালামাল ক্রোকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

হকারদের বিকল্প জায়গার বিষয়ে তিনি বলেন, “গুলিস্থানের পীর ইয়ামেনী মার্কেট এলাকায় শুক্র ও শনিবার হলিডে মার্কেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অন্যান্য দিন আইডিয়াল স্কুলের বিপরীত পাশের সড়কের ফুটপাতে হকারদের বসার সুযোগ দেওয়া হয়েছে। হকার সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

কোথাও মূল রাস্তা বন্ধ করে বা অনুমতি ছাড়া অন্য কোনো ফুটপাতে হকার বসানো যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকাটিকে একটি পরিচ্ছন্ন সাংস্কৃতিক পরিমণ্ডল হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের কর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান আবদুস সালাম।