গার্ডার দুর্ঘটনা: ক্রেইন চালকের স্বীকারোক্তি
রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে ক্রেইন চালকসহ তিন আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে রাজি হন।
রাজধানীর উত্তরায় গার্ডার চাপায় পাঁচজনের মৃত্যুর ঘটনায় ক্রেইন চালক মো. আল-আমিন হোসেন ওরফে হৃদয়সহ তিনজন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দায়ের করা এ মামলায় চারজনকে জামিনও দিয়েছে আদালত।
সোমবার রিমান্ড শেষে আট আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে ক্রেইন চালকসহ তিন আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে রাজি হন।
পরে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসীন গাজী ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।
সে আবেদনে ঢাকার মহানগর হাকিম মুহাম্মদ নুরুল হুদা চৌধুরী তার খাস কামরায় ক্রেইন চালক মো. আল-আমিন হোসেন ওরফে হৃদয় ও সহকারী রাকিব হোসেনের জবানবন্দি রেকর্ড করেন।
এছাড়া ঢাকা মহানগর হাকিম মো. মোশাররফ হোসেনের আদালত আসামি মো. জুলফিকার আলী শাহের (ঠিকাদারি প্রতিষ্ঠানের সেফটি ইঞ্জিনিয়ার) জবানবন্দি রেকর্ড করেন।
পরে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান।
গত ১৫ অগাস্ট রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের উপর নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রংক্রিটের বক্স গার্ডার আছড়ে পড়লে পাঁচজন নিহত ও দুইজন আহত হন। তারা সবাই একই পরিবারের সদস্য।
এ ঘটনায় ওই রাতেই উত্তরা পশ্চিম থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে এই মামলা হয়। এর দুই দিন পর দেশের বিভিন্ন স্থান থেকে১০ জনকে গ্রেপ্তার করে র্যাব।
সোমবার এ মামলায় অপর চার আসামির জামিন দিয়েছে ঢাকা মহানগর হাকিম বেগম শুভ্রা চক্রবর্তীর আদালত।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ আসামিকে কারাগারে রাখার আবেদন করেন। অন্যদিকে, প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম ছাড়া গ্রেপ্তার বাকি চার আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন।
শুনানি শেষে তাদের চারজনের জামিন মঞ্জুর করে আসামি মঞ্জুরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
জামিন পাওয়া চার আসামি হলেন- হেভি ইকুইপমেন্ট সরবরাহের দায়িত্বে নিয়োজিত ইফসকন বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী মো. ইফতেখার হোসেন, হেড অব অপারেশন মো. আজহারুল ইসলাম মিঠু, ক্রেইন সরবরাহকারী প্রতিষ্ঠান বিল্ড ট্রেড কোম্পানির মার্কেটিং ম্যানেজার তোফাজ্জল হোসেন ওরফে তুষার ও প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন মৃধা।
এর আগে শনিবার দুর্ঘটনাস্থলে নিরপাত্তার দায়িত্বে নিয়োজিত ফোর ব্রাদার্স গার্ড সার্ভিসের ট্রাফিক ম্যান মো. রুবেল ও মো. আফরোজ মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
