রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ: ঢাকা থেকে আরও ৩ ফ্লাইট বাতিল
এখন পর্যন্ত পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সৌদি আরবের রিয়াদে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনার পর ঢাকা থেকে আরও তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এর আগে শনিবার ঢাকা থেকে সৌদিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছিল। সবমিলিয়ে এখন পর্যন্ত মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে, সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার ভিন্ন আরেক বার্তায় বেবিচক জানিয়েছে রোববার দিবাগত রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। তাতে বাতিল ফ্লাইটের সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবারের ওই হামলায় এখন পর্যন্ত দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা তিন শতাধিক।
হুতিরা এ বছরের গ্রীষ্মে সৌদি আরবের বিরুদ্ধে যে হামলা শুরু করেছে, তারই অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি, চারজন সৌদি নাগরিক এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, আহত হয়েছেন ৩০৯ জন।
গত এক সপ্তাহের মধ্যে খালিদ বিমানবন্দর আরও দুইবার হামলার শিকার হয়েছে। তাতে চারজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। একটি উড়োজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ‘দ্ব্যর্থহীনভাবে’ ১০ অক্টোবর বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলার ‘কঠোর’ নিন্দা জানাচ্ছে , যেখানে দুই বাংলাদেশিরও মর্মান্তিক প্রাণহানি হয়েছে এবং আরও অসংখ্য আহত হয়েছেন।
