এক মামলায় ধর্মীয় বক্তা মাদানীর জামিন বাতিল
আরেক মামলায় জামিত স্থগিত রাখার আদেশ হয়েছে।
গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ধর্মীয় বক্তা রফিকুল ইসলাম মাদানীর জামিন বাতিল করেছে আপিল বিভাগ।
একই আইনে গাজীপুরের বাসন থানার আরেক মামলায়ও তার জামিন স্থগিত থাকবে বলেও একই আদেশে বলা হয়েছে।
সোমবার জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয় বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী জানিয়েছেন। মাদানীর পক্ষে শুনানিতে ছিলেন মাহবুব উদ্দিন।
পরে সারওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডডটকমকে বলেন, গত ৯ এপ্রিল এই দুই মামলায় তার জামিন স্থগিত করে চেম্বার আদালত। একই সঙ্গে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। গাজীপুরের গাছা থানার মামলায় রফিকুল ইসলাম মাদানীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে। এ কারণে জামিন বাতিল করেছেন।
“আমি মহামান্য আপিল বিভাগে এই দুই মামলার বর্তমান অবস্থা তুলে ধরেছিলাম। আমি বলেছি বাসন থানার মামলায় রাষ্ট্রপক্ষে পাঁচজনের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছিল। আর গাছা থানার মামলায় অভিযোগ গঠন হওয়ার পর দু্টি তারিখ গেছে সাক্ষ্যগ্রহণের জন্য। ওই তারিখে সাক্ষীরা না আসায় আগামী ১৫ অক্টোবর সাক্ষ্য নেওয়ার তারিখ দেওয়া হয়।”
এর আগে ২৯ মার্চ ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেবেন না- এ শর্তে ঢাকা ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছিল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাই কোর্ট বেঞ্চ। পরে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২০২১ সালের ৭ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে রফিকুলকে নেত্রকোণার নিজ বাড়ি থেকে আটক করে র্যাব। ওই সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরের দিন তার বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় র্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে বাসন থানায় টেকনাগপাড়া এলাকার বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি আরেকটি মামলা করেন।
একই অভিযোগে মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।
মামলায় তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ভয়ভীতি দেখিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়।
আরও পড়ুন
